নিউজ পোল ব্যুরো: ভাড়ার অতিরিক্ত টাকা না দেওয়ায় এক মহিলা যাত্রীকে শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগ উঠল এক অনলাইন ক্যাব (Cab) চালকের বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সল্টলেক (Salt Lake) ও আশপাশের এলাকায়। বিধাননগর উত্তর থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত ক্যাব চালক শাহাবাজ আলীকে গ্রেফতার করেছে। তিনি উত্তর ২৪ পরগনার নারায়ণপুর এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, শর্মিষ্ঠা ঘোষ নামে বাগুইআটির দেশবন্ধু নগরের এক গৃহবধূ ওই দিন সন্ধ্যায় একটি অনলাইন ক্যাব পরিষেবা (In Drive) ব্যবহার করে সল্টলেকের (Salt Lake) ডিএফ ব্লকের কাছে শুভান্নর সামনে নামেন। অ্যাপে দেখানো ভাড়া ছিল ১৬০ টাকা। কিন্তু গন্তব্যে (Salt Lake) পৌঁছানোর পর চালক অতিরিক্ত অর্থ দাবি করেন। শর্মিষ্ঠা দেবী অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করলে শুরু হয় বচসা। অভিযোগ, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, চালক হাত মুড়িয়ে ধরে মহিলার পেটে লাথি মারেন। রাস্তাঘাটে জনসমক্ষে এমন আচরণে হতবাক হয়ে যান শর্মিষ্ঠা। সঙ্গে সঙ্গে তিনি বিধাননগর (Bidhannagar) উত্তর থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শাহাবাজ আলীর বিরুদ্ধে মহিলার গায়ে হাত তোলা, শ্লীলতাহানির চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে, পাশাপাশি ক্যাব কোম্পানির দিক থেকেও প্রয়োজনীয় তথ্য ও সিসিটিভি ফুটেজ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে অনলাইন ক্যাব পরিষেবার নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে একা মহিলা যাত্রীদের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে আরও কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন নাগরিক সমাজ। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসন ও ক্যাব সংস্থাগুলিকে আরও দায়িত্ববান ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন অনেকেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
