Ghatal Master Plan: ঘাটাল ডুবছে, কেন্দ্র চুপ! সংসদে দেবের প্রশ্নে দায়সারা জবাব, ‘বঞ্চনার রাজনীতি’ বলছে তৃণমূল

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বর্ষা মানেই ঘাটালে দুর্দশার আরেক নাম! জলমগ্ন রাস্তাঘাট, ডুবে যাওয়া ঘরবাড়ি, ভেঙে পড়া স্বাভাবিক জনজীবন। এই বার্ষিক ‘জল-যন্ত্রণার’ স্থায়ী সমাধানে ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) বহুদিন ধরেই এক গুরুত্বপূর্ণ দাবি। সেই দাবিকে কেন্দ্র করে আবারও কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহ তৈরি হল সংসদে। প্রশ্ন তুললেন অভিনেতা দেব তথা ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী (Dev)। আর তার প্রশ্নের জবাবে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজ ভূষণ চৌধুরীর ‘দায়সারা’ জবাবে ক্ষোভে ফুঁসছেন দেব ও তৃণমূলের নেতৃত্ব।

আরও পড়ুন: Kamal Haasan: সততার রাজনীতি নিয়ে সংসদে পা কমলের,ডিএমকে জোটে উজ্জ্বল ভবিষ্যৎ?

সরাসরি প্রশ্ন ছিল—ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal Master Plan) বাস্তবায়নে কেন্দ্র বাজেট বরাদ্দ করছে না কেন? এবং রাজ্য কি বিশ্ব ব্যাঙ্ক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সাহায্য নিতে পারে কিনা। জবাবে প্রতিমন্ত্রী বলেন, কেন্দ্রীয় অনুমোদন রয়েছে ঠিকই, তবে প্রকল্পটি ফ্লাড প্লেইন জোনিংয়ের আওতায় না থাকায় কেন্দ্রীয় বরাদ্দের বাইরে রাখা হয়েছে। স্পষ্টতই বলা হয়েছে, এই শর্তপূরণ না করায় রাজ্যের প্রকল্প গ্রহণযোগ্য নয়।

কিন্তু এখানেই বিতর্ক। দেবের (Dev) অভিযোগ—ঘাটালের মতো বছরের পর বছর প্লাবিত এলাকা কেন বন্যা নিয়ন্ত্রণের আওতায় পড়বে না? আর সেই অজুহাত দেখিয়ে কেন্দ্র কেন রাজনৈতিক কারণে এই প্রকল্প থেকে সরে দাঁড়াচ্ছে? রাজ্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে ৫০০ কোটি টাকা বরাদ্দ করে কাজ শুরু করেছে। অথচ কেন্দ্রের তরফে কোনও আর্থিক সাহায্য নেই। দেবের ঘনিষ্ঠ মহলের বক্তব্য—এটা শুধু অবহেলা নয়, এটা পরিকল্পিত বঞ্চনা। বাংলার প্রতি কেন্দ্রের ‘রাজনৈতিক প্রতিহিংসার ফল’। ঘাটালের (Ghatal Master Plan) মানুষ আবারও ভাসবে কি না, তার উত্তর হয়তো এই রাজনৈতিক টানাপোড়েনেই চাপা পড়ে থাকবে। কিন্তু দেব স্পষ্ট করে দিয়েছেন—এই লড়াই তিনি থামাবেন না। ঘাটালের জন্য তিনি আবারও সংসদে প্রশ্ন তুলবেন, প্রয়োজনে আন্দোলনে নামবেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT