Kamal Haasan: সততার রাজনীতি নিয়ে সংসদে পা কমলের,ডিএমকে জোটে উজ্জ্বল ভবিষ্যৎ?

দেশ

নিউজ পোল ব্যুরো: নিশ্ছিদ্র অভিনয় গুণে দশকের পর দশক ধরে ভারতীয় চলচ্চিত্রে দাপিয়ে বেড়ানো কমল হাসান (Kamal Haasan) এবার রাজনীতির মঞ্চেও পাকাপোক্ত আগমন ঘটালেন। রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়ে সংসদীয় রাজনীতিতে তার অভিষেক হল। ৬৯ বছর বয়সি এই বর্ষীয়ান অভিনেতা ও মাক্কল নিধি মায়াম (এমএনএম)-এর প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে তামিল ভাষায় শপথ গ্রহণ করেন। সহকর্মী সাংসদদের করতালির মধ্যে দিয়ে তার শপথগ্রহণ পর্ব যেন এক ঐতিহাসিক মুহূর্তে পরিণত হয়।

আরও পড়ুন: PM Modi: রাজকীয় উপহার, পরিবেশের পাঠ! চার্লসের হাতে ‘সোনোমা ডাভ ট্রি’ তুলে দিলেন মোদী

তামিলনাড়ুর রাজনীতিতে সততা, উন্নয়ন এবং পরিবেশবান্ধব নীতির মুখ হয়ে উঠেছেন কমল হাসান (Kamal Haasan)। ২০১৭ সালে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামের লক্ষ্যে এমএনএম গঠন করেন তিনি। যদিও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তার দল মাত্র ৪% ভোট পেয়েছিল এবং ২০২১ সালে কোয়েম্বাটুর দক্ষিণ আসনে বিজেপি প্রার্থী ভানাথি শ্রীনিবাসনের কাছে অল্প ব্যবধানে পরাজিত হন, তবুও রাজনৈতিক পরিসরে তিনি নিজের গ্রহণযোগ্যতা অটুট রেখেছেন।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে এমএনএম অংশ না নিয়ে ডিএমকে-র নেতৃত্বাধীন জোটকে সমর্থন জানায়। ডিএমকে-ও পাল্টা তার ভাবনাকে গুরুত্ব দিয়ে ‘কালাইনার মাগালির উরিমাই থোগাই’ প্রকল্প চালু করে, যেখানে যোগ্য নারী পরিবারের প্রধানদের প্রতি মাসে ১,০০০ আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়। এই সমর্থনের ফলে কমল হাসান (Kamal Haasan) ১২ জুন রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শপথগ্রহণের আগে তিনি জানান, “একজন ভারতীয় হিসেবে যে সম্মান পেয়েছি, তা আমি দায়িত্ব সহকারে পালনের অঙ্গীকার করছি।” তিনি বলেন, “মানুষ আমার কাছ থেকে অনেক কিছু আশা করছেন। আমি চেষ্টা করব তাদের সেই প্রত্যাশা পূরণ করতে – সততা, আন্তরিকতা এবং দেশের স্বার্থেই আমি কথা বলব।”

২০২৬ সালের তামিলনাড়ু (Tamilnadu) বিধানসভা নির্বাচনেও ডিএমকে-র সঙ্গে জোটবদ্ধ থেকে এমএনএম অংশ নেবে বলেই রাজনৈতিক মহলে জোর জল্পনা। নিঃসন্দেহে, এবার ‘উলাগানায়াগন’-এর নতুন রূপ, নতুন মঞ্চ – দিল্লির সংসদ ভবন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT