Koneru Humpy: মহিলাদের বিশ্বকাপে ভারতীয় দাবার সোনালি অধ্যায় লিখবেন দিব্যা এবং হাম্পি

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: যে খেলার জন্ম এ দেশে সেই খেলায় একের পর এক ইতিহাস গড়ছে ভারত। ভারতীয় দাবার ইতিহাসে সোনালি অক্ষরে লেখা হয়ে থাকবে বৃহস্পতিবার দিনটিও। দিব্যা দেশমুখের পর মহিলাদের দাবা বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিলেন কোনেরু হাম্পিও (Koneru Humpy)। এই প্রথমবার মহিলা দাবা বিশ্বকাপ ফাইনাল হতে চলেছে অল ইন্ডিয়া ফাইনাল। আর যেখানে মুখোমুখি হতে চলেছেন দুই ভারতীয় গ্র্যান্ডমাস্টার— ১৯ বছরের ইন্টারন্যাশনাল মাস্টার দিব্যা দেশমুখ এবং অভিজ্ঞ কিংবদন্তি দাবাড়ু কোনেরু হাম্পি। এর ফলে মহিলাদের দাবার বিশ্বকাপ খেতাব নিশ্চিতভাবে আসছে ভারতের ঝুলিতে।

আরও পড়ুন: Asia Cup 2025: এশিয়া কাপ নিয়ে কাটছে জট, তাড়াতাড়িই ঘোষণা করা হবে সূচী

সেমিফাইনালের নাটকীয় লড়াইয়ে চমকপ্রদ জয় তুলে নিয়েছেন হাম্পি (Koneru Humpy)। চীনের শীর্ষ বাছাই লি তিংজির বিরুদ্ধে টাইব্রেকারে পিছিয়ে পড়েও ৫-৩ ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে জায়গা পাকা করেন তিনি। হাম্পি এবং তিংজির দু’টি ক্লাসিক্যাল গেম ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম দু’টি র‌্যাপিড গেম ড্র হওয়ার পর তৃতীয় র‌্যাপিডে হাম্পিকে হারিয়ে এগিয়ে গিয়েছিলেন তিংজি। তবে বিপর্যয় কাটিয়ে চতুর্থ র‌্যাপিডে জিতে সমতা ফেরান হাম্পি। এরপর নির্ধারণী দুই ব্লিৎজ গেমে অসাধারণ দক্ষতা দেখিয়ে বাজিমাত করেন তিনি।

দিব্যা দেশমুখ এর আগেই ইতিহাস তৈরি করেছেন। তিনি প্রথম ভারতীয় দাবাড়ু হিসেবে মহিলাদের বিশ্বকাপ দাবার ফাইনালে জায়গা করে নিয়েছেন। এবার দ্বিতীয় ভারতীয় হিসেবে তারই পদাঙ্ক অনুসরণ করলেন হাম্পিও (Koneru Humpy)। এর ফলে ফাইনালে ভারতীয় দ্বৈরথ দেখতে চলেছে বিশ্ব। দিব্যার মতোই ফাইনালের টিকিট কনফার্ম হতেই ক্যান্ডিডেটস প্রতিযোগিতাতেও জায়গা করে নিয়েছেন হাম্পি।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=yuzdFzP4NtpyGCFt

ভারতীয় দাবা বর্তমানে সাফল্যের সিঁড়ি ধরে এগিয়ে চলেছে। কিছু দিন আগেই পুরুষদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন ডি গুকেশ। আর এবার মহিলা দাবার বিশ্বকাপও নিশ্চিতভাবে ভারতের দখলে। ফাইনালকে ঘিরে এখন থেকেই উত্তেজনা চরমে। একদিকে ১৯ বছরের যুব প্রতিভা দিব্যা, অন্যদিকে অভিজ্ঞতা ও কৌশলে ভরপুর হাম্পি। দুই প্রজন্মের এই হাড্ডাহাড্ডি লড়াই ক্রীড়াপ্রেমীদের জন্য উপহার হয়ে উঠতে চলেছে।