অ্যাপ ক্যাবের ভিতর থেকে উদ্ধার দেহ, পা দড়ি দিয়ে বাঁধা! ট্যাংরায় ৪৪ বছরের ব্যক্তির রহস্য মৃত্যু

অপরাধ কলকাতা রাজ্য

নিউজপোল ব্যুরো: সকাল হতেই ট্যাংরার দেবেন্দ্র চন্দ্র দে রোডে একটি গাড়িকে ঘিরে শুরু হয় পুলিশের তৎপরতা। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সাদা রঙের অ্যাপ ক্যাবটির ভিতর থেকেই উদ্ধার হল এক ব্যক্তির দেহ। গাড়িটি ভিতর থেকে বন্ধ থাকায় প্রথমে আরও বাড়ে রহস্য। পরে মেকানিক ডেকে গাড়ির লক খুলে ভিতর থেকে তাঁকে বের করে আনা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ভগবানপ্রসাদ গুপ্তা (৪৪)। তিনি মধ্যমগ্রামের দোলতলার বাসিন্দা। এদিন সকালে এন্টালি থানায় খবর আসে, একটি গাড়ির ভিতরে এক ব্যক্তি পড়ে রয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, পিছনের সিটের সামনের অংশে তিনি পড়ে রয়েছেন। পরে স্থানীয় মেকানিকের সাহায্যে গাড়িটি খুলে তাঁকে বাইরে আনা হয়। গোটা প্রক্রিয়াটির ভিডিয়োগ্রাফিও করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও দেখুন:-আকাশবাণী কাণ্ডে আইনি জটিলতায় রাহুল-প্রিয়াঙ্কা, SIR-বিরোধী আন্দোলনের পর FIR

তদন্তকারীদের নজরে এসেছে আরও কয়েকটি বিষয়। পুলিশ সূত্রে খবর, ভগবানপ্রসাদের পা দড়ি দিয়ে বাঁধা ছিল। মুখে আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে। ফলে ঘটনাটি কীভাবে ঘটল, তা নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।

ক্যাবের ভিতরেই ঘটনাটি ঘটেছিল, নাকি অন্য কোথাও থেকে তাঁকে সেখানে আনা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি গাড়িটির মালিক এবং সেটি কীভাবে ওই এলাকায় এল, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে এন্টালি থানার পুলিশ, লালবাজারের হোমিসাইড শাখা, সায়েন্টিফিক উইং এবং ডিডি টিম। বিভিন্ন নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে।