নিউজ পোল ব্যুরো: দীর্ঘ ১৩ বছর কারাবাসের পর জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন (Sudipta Sen)। বুধবার কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি উদয় কুমার ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছে। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে বৃহস্পতিবার জেল থেকে ছাড়া পেতে পারেন তিনি।
২০১৩ সালের ২৩ এপ্রিল কাশ্মীরের সোনমার্গ থেকে গ্রেফতার করা হয়েছিল সুদীপ্ত সেনকে (Sudipta Sen)। তাঁর বিরুদ্ধে সারদা কেলেঙ্কারি মামলায় মোট ৩৮৯টি মামলা দায়ের হয়। এর মধ্যে ৭৭টি মামলা সিবিআইয়ের হাতে যায়। ইতিমধ্যেই ৩৮৭টি মামলায় জামিন পেয়েছিলেন তিনি। বাকি দুই মামলায় দীর্ঘদিন ধরে বিচারপ্রক্রিয়া এগোয়নি। আদালতে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, একটি মামলার নথি হারিয়ে যাওয়ায় বর্তমানে ট্রায়াল শুরু করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে বাকি দুই মামলাতেও শর্তসাপেক্ষে জামিন দেয় হাইকোর্ট।
আরও পড়ুন: Mamata Banerjee: ‘ভোটটাই তো দিতে পারবে না!’ ডিলিটেড ভোটার ইস্যুতে বিস্ফোরক মমতা
আদালতের নির্দেশ অনুযায়ী, সুদীপ্ত সেনকে (Sudipta Sen) পাসপোর্ট জমা দিতে হবে এবং আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যাওয়া যাবে না। তাঁকে স্থায়ী ঠিকানা বারাসত থানায় জানাতে হবে এবং অনুমতি ছাড়া ঠিকানা পরিবর্তন করা যাবে না। এছাড়া প্রতি মাসে একবার থানায় হাজিরা দিতে হবে। ডিভিশন বেঞ্চ আরও নির্দেশ দিয়েছে, তিনি কোনও আর্থিক প্রতিষ্ঠান, কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম (CIS) বা মাল্টি-লেভেল মার্কেটিং (MLM) সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। জনসাধারণের কাছ থেকে কোনও আমানত সংগ্রহও করতে পারবেন না।
সবচেয়ে উল্লেখযোগ্য শর্ত হিসেবে আদালত জানিয়েছে, সুদীপ্ত সেনকে ২৪ ঘণ্টা মোবাইল ফোন চালু রাখতে হবে এবং লাইভ লোকেশন অন রাখতে হবে, যাতে তদন্তকারীরা তাঁর গতিবিধির উপর নজর রাখতে পারেন। এছাড়াও আদালত নির্দেশ দিয়েছে, হারিয়ে যাওয়া মামলার নথি দ্রুত পুনর্গঠন করে চার সপ্তাহের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে এবং নিম্ন আদালতকে দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করতে হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
