নিউজপোল ব্যুরো:SIR কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদ এবার পৌঁছাল আইনি লড়াইয়ের দোরগোড়ায়। গতকাল দিল্লিতে নির্বাচন কমিশন সদন অভিযান কর্মসূচি চলছিল। সেই সময় পুলিশের নিরাপত্তা বলয় পেরিয়ে আকাশবাণী ভবন চত্বরে ঢুকে পড়েন কংগ্রেস নেতা রাহুল, প্রিয়াঙ্কা এবং কেসি বেণুগোপাল-সহ কয়েকজন। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। দিল্লি পুলিশের সূত্রে জানা গিয়েছে, আকাশবাণী ভবনের কর্মীদের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে।
মঙ্গলবার SIR-এ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়ে একাধিক বিরোধী দলের সাংসদ মিছিল করেন। মকরদ্বার থেকে সেই মিছিল আকাশবাণী ভবনের দিকে এগোতেই পুলিশ তাঁদের আটকে দেয়। পুলিশ জানায়, ওই এলাকায় বিএনএসএস-এর ১৬৩ ধারা জারি রয়েছে। ফলে সেখানে জমায়েত বা আইন অমান্য না করার জন্য সতর্ক করা হয়।
কিন্তু পুলিশের বাধা সত্ত্বেও প্রতিবাদ থেকে পিছিয়ে আসেননি বিরোধী সাংসদরা। ব্যারিকেডের সামনে বসে পড়েন রাহুল গান্ধী-সহ অনেকে। পরে পরিস্থিতি সামলাতে পুলিশ তাঁদের বাসে তোলার চেষ্টা করে।
অভিযোগের তির রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কেসি বেণুগোপাল-সহ কয়েকজনের দিকে। পুলিশের বাধা উপেক্ষা করে তাঁরা আকাশবাণী ভবনের চত্বরে ঢুকে সেখানে অবস্থান-বিক্ষোভ শুরু করেন।পরে পুলিশ গিয়ে তাঁদের সরিয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে আকাশবাণী ভবনের কর্মীদের একাংশ পার্লামেন্ট স্ট্রিট থানায় অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতেই রাহুল ও প্রিয়াঙ্কার বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে বলে দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে।
