নিউজপোল ব্যুরো: শুটিং শেষে বাড়ি ফেরার পথেই হেনস্থা হলেন টেলি অভিনেত্রী সম্পিতা প্রামাণিক। ‘বাঘিনী’ ধারাবাহিকে মহুয়ার চরিত্রে অভিনয় করেন তিনি। অভিনেত্রীর অভিযোগ, মঙ্গলবার রাতে ক্যাব চালকের আচরণে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। সোশ্যাল মিডিয়া লাইভে এসে গোটা ঘটনার কথা জানান সম্পিতা।
অভিনেত্রীর দাবি, হাজরা মোড়ের বসুশ্রী সিনেমার সামনে থেকে ক্যাব বুক করেছিলেন তিনি। প্রথমে গন্তব্য ছিল পার্ক স্ট্রিট। পরে শুটিংয়ে দেরি হওয়ায় গন্তব্য বদলে দমদম করেন। কিন্তু গাড়িতে ওঠার পর থেকেই চালকের আচরণ নিয়ে তাঁর সন্দেহ তৈরি হয়। পরিস্থিতি দেখে রবীন্দ্র সরোবরের কাছে নামিয়ে দিতে বললেও চালক প্রথমে গাড়ি থামাতে চাননি বলে অভিযোগ।
আরও দেখুন:-কৃষ্ণসাগরে যুদ্ধের ভয়াবহ ছবি, হামলার পর জ্বলতে থাকা ট্যাঙ্কার থেকে উদ্ধার ২৩ ভারতীয়
শেষমেশ মেট্রো স্টেশনের কাছে নামার পর ভাড়া নিয়ে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। সম্পিতার অভিযোগ, সেই সময় তাঁর ভারী ব্যাগ গাড়ির ভিতরে ছিল। ব্যাগ নিয়ে নামার পর চালক তাঁকে কিছুটা রাস্তা দৌড় করান বলেও দাবি অভিনেত্রীর। কোনওরকমে নিজের জিনিসপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন তিনি।
ঘটনার পর Rapido ক্যাব সংস্থার সেফটি হেল্পলাইনে যোগাযোগ করেও সাহায্য পাননি বলে অভিযোগ। বিষয়টি নিয়ে কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন সম্পিতা।
