নিউজপোল ব্যুরো:ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুদ্ধের আঁচ এবার সমুদ্রপথেও। কৃষ্ণসাগরে ড্রোন হামলার পর দাউদাউ করে জ্বলে উঠলো লাইবেরিয়ার পতাকাবাহী ‘আফ্রাম্যাক্স রিও’ তেলবাহী ট্যাঙ্কার। রাশিয়ার সোচি উপকূলের কাছে এই হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবচেয়ে উদ্বেগের বিষয়, সেই সময় জাহাজে ছিলেন ২৩ জন ভারতীয় নাবিক।
এই ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে ধোঁয়াশা। রাশিয়ার পরিবহণ মন্ত্রকের দাবি, একটি মানবহীন জলযানের আঘাতেই তেলবাহী ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির একাংশের প্রতিবেদনে এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা আনুষ্ঠানিক ভাবে স্বীকার করেনি ইউক্রেন।
আরও দেখুন:-মৌসুমী বায়ু দুর্বল, বর্ষা বিদায়ের পথে! কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টি
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রথম দিকে দমকলকর্মীরা জাহাজের কাছে পৌঁছতে পারেননি। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে শুরু হয় আগুন নেভানোর কাজ। ট্যাঙ্কার থেকে আকাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। উপকূলবর্তী এলাকা থেকেও আগুনের লেলিহান শিখা দেখা যায়।
তবে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। জাহাজে থাকা ২৩ জন ভারতীয় নাবিককেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাঁদের কারও আঘাত লাগেনি বলে জানিয়েছে রাশিয়া। ঘটনার পর সোচি উপকূলে সতর্কতা জারি করা হয় এবং সাধারণ মানুষের চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়।
কৃষ্ণসাগরে পর পর বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়েছে আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা। যুদ্ধের আঁচ যে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ নাবিকদের কাছেও পৌঁছে যাচ্ছে, এই ঘটনা তারই নতুন নজির।
