নিউজ পোল ব্যুরো: এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা (Air India Crash ) রেশ কিছুতেই কাটছে না। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। এবার ব্রিটেন থেকে এল ভয়ঙ্কর অভিযোগ। ব্রিটেনের দুই নিহত যাত্রীর পরিবারের সদস্যরা জানিয়েছেন আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত সদস্যদের ভুল দেহ এসেছে তাঁদের কাছে। নিহতের পরিবারের অভিযোগ, তাদের কাছে ফেরত পাঠানো মৃতদেহ ভুলভাবে শনাক্ত করা হয়েছে। এই খবর সামনে আসার পর রীতিমত শোরগোল পরে গিয়েছে।
ব্রিটেনে ফেরত পাঠানো দেহাবশেষের ডিএনএ পরীক্ষায় কমপক্ষে দুটি কফিনে অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ডিএনএ নিহতদের পরিবারের সঙ্গে মেলেনি বলেই অভিযোগকারী পরিবারের আইনজীবি জানিয়েছেন। ব্রিটিশ পরিবারের প্রতিনিধিত্বকারী আইনজীবী জেমস হিলির মতে, ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI171 দুর্ঘটনার পর ১২ থেকে ১৩টি মৃতদেহ যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয়েছিল। এর মধ্যে দুটি পরিবারকে ডিএনএ বিশ্লেষণের পর জানানো হয়েছিল যে তারা যে দেহাবশেষ পেয়েছে তা তাদের আত্মীয়দের নয়। সূত্রের খবর, ডিএনএ নমুনা সংগ্রহ করেছে আহমেদাবাদের সরকারি সিভিল হাসপাতাল, এয়ার ইন্ডিয়া নয়। শনাক্তকরণ প্রক্রিয়ায় বা মৃতদেহ হস্তান্তরে বিমান সংস্থা জড়িত ছিল না। আন্তর্জাতিক জরুরি পরিষেবা কেনিয়নের সহায়তায় এয়ার ইন্ডিয়া কার্গোতে মৃতদেহের দেহাবশেষ বহনকারী ক্যাসকেটগুলি যুক্তরাজ্যে পাঠানো হয়েছিল।
প্রসঙ্গত, ১২ জুন লন্ডনগামী বিমান AI171 হিসেবে পরিচালিত বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি আনুমানিক দুপুর ১:৩০ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ে। রানওয়ে ছাড়ার কিছুক্ষণ পরেই বিমানটি (Air India Crash) মেঘানীনগর এলাকায় বিজে মেডিকেল কলেজের হোস্টেলে ভেঙ্গে পড়ে। ভয়াবহ সেই দুর্ঘটনায় একজন যাত্রী ছাড়া বিমানে থাকা ২৪২ জন যাত্রী এবং ক্রু সদস্যের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ব্রিটেনের ৫৩ জন নাগরিক ছিলেন। কি কারণে ঘটল এতবড় দুর্ঘটনা ঘটল তার উত্তর এখনও মেলেনি। চলছে তদন্ত। আর তার মধ্যেই ভয়ানক অভিযোগ সামনে এল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
