গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী,২৫বছরের পূর্তিতে মন্দিরে পুজো

breakingnews দেশ

নিউজপোল ব্যুরো: দীর্ঘ রাজনৈতিক জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে শুরু হয়েছিল তাঁর প্রশাসনিক নেতৃত্বের যাত্রা। সেই যাত্রার ২৫ বছর পূর্তির বিশেষ দিনে নয়াদিল্লির সরোজিনী নগরের শ্রী বিনায়ক মন্দিরে গিয়ে পুজো দিলেন প্রধানমন্ত্রী।

মন্দিরে পুজো দেওয়ার পর তাঁর সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লেখেন -“শ্রী বিনায়ক মন্দিরে সমস্ত আচার অনুষ্ঠান পালন করেছি ,শ্রী গণেশের কৃপায় সকলের কল্যাণ হোক এবং দেশ যেন নিরন্তর উন্নতির পথে এগিয়ে যায়।”

মঙ্গলবার নরেন্দ্র মোদির ২৫ বছরের নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রীসভাএকটি প্রস্তাব পাশ করে। এর পাশাপাশি দেশের নানা প্রান্তে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ‘গুজরাটের বডনগর থেকে বারাণসী পর্যন্ত ‘সেবা সংকল্প যাত্রা’ নামে একটি মোটরসাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে।যেটা বুধবার বারাণসীতে পৌঁছনোর কথা।

মোদির ২৫ বছর পূর্তি উপলক্ষে বারাণসী র রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে আয়োজিত ‘নমো বুক ফেস্ট: কাশী এডিশন’-এ যোগ দেবেন জাপানের প্রাক্তন ফার্স্ট লেডি আকি আবে। এছাড়াও এই উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা যোগ দেওয়ার কথাও আছে।