Gujarat: গুজরাতের মন্ত্রিসভার ‘নতুন চেহারা’, তরুণ-জনপ্রিয় মুখে BJP’র ভবিষ্যৎ গঠন

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: গুজরাতের (Gujarat) রাজনীতিতে হঠাৎ বিস্ফোরণ! মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলকে (Bhupendra Patel) রেখে একযোগে পদত্যাগ করলেন রাজ্যের সমস্ত মন্ত্রী। রাজ্যের (Gujarat) রাজনৈতিক ইতিহাসে বিরল এমন সিদ্ধান্তের পেছনে রয়েছে গভীর কৌশল, ২০২৭-এর নির্বাচনের রূপরেখা এখনই তৈরি করতে চাইছে বিজেপি (BJP)।

আরও পড়ুন: Rajnath Singh: অপারেশন সিঁদুর আত্মনির্ভর ভারতের ‘ওয়ার জাস্টিস’, হুঙ্কার রাজনাথের

বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রীর বাসভবনে এক গোপন বৈঠকে দলীয় নির্দেশে ১৬ জন মন্ত্রী মুখ্যমন্ত্রীর হাতে পদত্যাগপত্র তুলে দেন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সেই পদত্যাগপত্রগুলি রাজ্যপালকে জমা দেবেন এবং শুক্রবার সকাল সাড়ে ১১টায় গান্ধীনগরের মহাত্মা মন্দিরে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)।

বিজেপির অন্দরমহলে যা খবর, তাতে স্পষ্ট এই পদক্ষেপ কোনও তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়, কেন্দ্রের নির্দেশেই সংগঠন ও প্রশাসনের মধ্যে ‘ফ্রেশ এনার্জি’ আনার উদ্দেশ্যে সাজানো হয়েছে নতুন পরিকল্পনা। রাজ্য বিজেপি সভাপতি জগদীশ বিশ্বকর্মার তত্ত্বাবধানে তৈরি হচ্ছে নতুন মন্ত্রিসভার রূপরেখা। দল চাইছে, তরুণ মুখ, জনভিত্তিসম্পন্ন বিধায়ক এবং ভৌগোলিক ও জাতিগত ভারসাম্য রক্ষা করে একটি শক্তিশালী ও ভবিষ্যমুখী মন্ত্রিসভা গঠন করতে। সূত্র বলছে, নতুন মন্ত্রিসভায় সদস্য সংখ্যা ২৫-২৬ হতে পারে, যেখানে বর্তমান মন্ত্রিসভার ৭ থেকে ১০ জন বাদ পড়বেন। একইসঙ্গে অভিজ্ঞ নেতৃত্বের পাশে উঠে আসবে একঝাঁক নতুন মুখ, যারা আগামী নির্বাচনে দলকে টেনে নিয়ে যাবে।

২০২৭ সালের বিধানসভা ভোটকে পাখির চোখ করে আগেভাগেই সংগঠনকে মেরামত করছে বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে, গুজরাত (Gujarat) যা নরেন্দ্র মোদীর (Narendra Modi) ঘর বলে পরিচিত সেখানে কোনওরকম বিরোধ বা দুর্বলতা যেন রাজনৈতিক মঞ্চে প্রকাশ না পায়। সেই কারণেই রাজ্যের প্রশাসনিক কাঠামোকে ঢেলে সাজাতে এই ‘অ্যাকশন প্ল্যান’।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole