নিউজ পোল ব্যুরো: রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিহারে মহিলাদের ক্ষমতায়নে বড়সড় পদক্ষেপ করল নীতীশ কুমার সরকার (Nitish Kumar Sarkar)। ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ নামে এক নতুন প্রকল্পের অধীনে সরাসরি ৭৫ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে জমা দেওয়া হয়েছে। এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi), নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে। একই সঙ্গে নীতীশ কুমার সরকারের প্রশংসা করেন এবং আরজেডি-কংগ্রেস জোটকে তীব্র আক্রমণ করেন তিনি।
মোদীর (PM Modi) কথায়, “এই প্রকল্প শুধু আর্থিক সাহায্য নয়, এটি মহিলাদের আত্মনির্ভর করার পথ। বিহারের মা-বোনেরা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারেন, তার জন্য এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ।” কেন্দ্রীয় ‘লাখপতি দিদি’ প্রকল্পের প্রসঙ্গ তুলে মোদী জানান, বিহার হবে এই উদ্যোগে দেশের শীর্ষ রাজ্য।প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “আমরা চাই, প্রত্যেক ভাই তার বোনকে সুস্থ, সাবলম্বী ও সম্মানজনক জীবনে দেখতে পাক। তাই এই ১০ হাজার টাকার সঙ্গে ভবিষ্যতে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা ও প্রশিক্ষণও পাবে মহিলারা।”
এই প্রকল্পে রাজ্য সরকারের ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৫০০ কোটি টাকা। মোদী বিশেষভাবে প্রশংসা করেন জনধন প্রকল্পের, যার ফলে এই টাকা সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছেছে কোনও মধ্যস্বত্বভোগী ছাড়া। একইসঙ্গে রাজনৈতিক আক্রমণ শানিয়ে মোদী বলেন, “আরজেডির আমলে বিহারে ছিল অন্ধকার যুগ। সেই সময় ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাধারণ মানুষ কেউ নিরাপদ ছিল না।”
নীতীশ কুমারও পাল্টা বলেন, “ওরা শুধুই নিজের পরিবারকে দেখেছে, আমরা দেখি গোটা বিহারকে।” তবে বিরোধীরা এই প্রকল্পকে ভোটের আগে চমক বলেই দেখছেন। প্রিয়াঙ্কা গান্ধীর অভিযোগ, “২০ বছরেও কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়নি? শুধু একবার ১০ হাজার টাকা দিয়ে ভোট কিনতে চায় বিজেপি (BJP)।”তথ্য বলছে, বিহারে ৪৮% ভোটারই মহিলা এবং এই প্রকল্প কতটা ভোটে প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার বিষয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
