নিউজ পোল ব্যুরো: রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফের একবার কাশ্মীর (Kashmir) ইস্যুকে ঘিরে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif)। আন্তর্জাতিক মঞ্চকে হাতিয়ার করে ভারতকে নিশানা করার এই চেষ্টাকে ‘আজব নাটক’ বলে তীব্র ভাষায় আক্রমণ করল ভারত। নয়াদিল্লি (New Delhi) মনে করিয়ে দিল পাকিস্তানের (Pakistan) সন্ত্রাসবাদে মদত, মিথ্যাচার এবং বিশ্বজনীন দ্বিচারিতার ইতিহাস।
আরও পড়ুন: Kolkata Police: আলোর উৎসবে মানবিকতার আলো, ফুটপাতবাসীদের জন্য পুলিশের বিশেষ আয়োজন
রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে পাক প্রধানমন্ত্রী (Shahbaz Sharif) দাবি করেন, ভারতের হাতে কাশ্মীরবাসী নির্যাতনের শিকার। তার (Shahbaz Sharif) ভাষায়, “একদিন এই অত্যাচারের শেষ হবেই। পাকিস্তান কাশ্মীরবাসীর পাশে ছিল, আছে, থাকবে।” পাশাপাশি তিনি সিন্ধু জলচুক্তি লঙ্ঘনের অভিযোগও তোলেন ভারতের বিরুদ্ধে। অথচ কোনও নিরপেক্ষ প্রমাণ বা তথ্য ছাড়াই এইসব অভিযোগ তুলে আন্তর্জাতিক মঞ্চে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন তিনি।
ভারতের পক্ষ থেকে তৎক্ষণাৎ জবাব আসে রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতীয় প্রতিনিধি পেটাল গেহলট-এর মুখে। ‘রাইট টু রিপ্লাই’ প্রয়োগ করে তিনি রাষ্ট্রসংঘের মহাসচিব ও সদস্য দেশগুলোর নজর কাড়েন। গেহলট বলেন, “পাকিস্তান এখানে যে নাটক করেছে, তা অত্যন্ত হাস্যকর এবং ভিত্তিহীন। আসলে পাকিস্তান বারবার সন্ত্রাসবাদকে নিজেদের বিদেশনীতি হিসেবে ব্যবহার করেছে, আর এখন সেই অপকর্ম ঢাকতে মিথ্যার আশ্রয় নিচ্ছে।”
ভারতীয় প্রতিনিধি আরও বলেন, “এই পাকিস্তানই পহেলগাঁওয়ে হামলার (Pahalgam Issue) পর জঙ্গি সংগঠন TRF-কে আড়াল করেছিল। এদের সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্ক নতুন কিছু নয়। ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল এ দেশই।” বিশ্লেষকদের মতে, এই বক্তব্যে একদিকে যেমন পাকিস্তানের দ্বিমুখী নীতির জোরালো প্রতিবাদ করেছে ভারত, তেমনই আন্তর্জাতিক মহলেও বার্তা দেওয়া হয়েছে, কাশ্মীর নিয়ে পাকিস্তানের মিথ্যাচার আর চলবে না। পাকিস্তান যখন নিজে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হয়ে উঠেছে, তখন তাদের মুখে মানবাধিকারের বুলি কেবলই প্রহসন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
