নিউজ পোল ব্যুরো: কলকাতার (Kolkata) রাস্তাঘাটের ভিড়ে আমরা প্রায়ই দেখি ফুটপাতের শিশু ও তাদের মায়েদের। দিনের পর দিন রোদ, বৃষ্টি, ঝড়ে ভিজে তাদের জীবন কাটে। উৎসবের সময়ে শহরের আলো ঝলমলে পরিবেশে তারাই থেকে যান সবচেয়ে অবহেলিত। তবে এবারের দুর্গাপুজোতে (Durga Puja 2025) তাদের মুখেও ফুটলো আনন্দের হাসি, কারণ তাদের জন্য এগিয়ে এলেন কলকাতা পুলিশের (Kolkata Police) এক কর্মী।

কলকাতা পুলিশের এএসআই (ASI Kolkata Police) বাপন দাস নিজের মাসিক বেতন থেকে আলাদা করে রাখলেন কিছু টাকা। সেই টাকা দিয়েই তিনি আয়োজন করলেন এক অনন্য ‘পুজোর বাজার’। উদ্দেশ্য একটাই ফুটপাথে থাকা অসহায় শিশু ও তাদের মায়েদের হাতে উৎসবের দিনে নতুন জামাকাপড় তুলে দেওয়া।
আরও পড়ুন: Durga Puja in London : সপ্তম বর্ষে আড্ডার পুজো! লন্ডনে চায়ের দোকান থিমে বাঙালির মহামিলন
শনিবার দুপুরে এমজি রোড (MG Road), বৌবাজার (Bowbazar), আমহার্স্ট স্ট্রিট (Amherst Street)-এর বিভিন্ন ফুটপাথে থাকা প্রায় ৩৫ জনকে তিনি উপহার দিলেন নতুন জামা-কাপড় ও জুতো। ছোট্ট রিয়া পেলো একটি সুন্দর জিন্স ও টপ (Jeans & Top), গৌরী পেলো রঙিন জামা আর জুতো (Shoes)। আবার পুতুল নামে আরেক কিশোরী হাতে নতুন শাড়ি নিয়ে হাসিমুখে বলল— “বৃষ্টিতে সব জামাকাপড় ভিজে গেছে, পুলিশ মামার এই উপহার আমার খুব ভালো লাগছে।”

বাপন দাস বলেন, “এটা আমার নিজের ইচ্ছা। আমি চাই মা (Maa Durga) আসার আগে অন্তত কিছু শিশুর মুখে যেন হাসি ফুটে। তাই এবার খালি মায়েদের ও তাদের সন্তানদের জন্য এই আয়োজন করেছি।”

শুধু শহরেই নয়, উত্তরবঙ্গের (North Bengal) কিছু অভাবী মানুষদের কাছেও পৌঁছেছে তার এই মানবিক উদ্যোগ। শহরের শপিং মল (Shopping Mall) থেকে কেনা নতুন জামা-কাপড় আর ভালোবাসা নিয়েই তিনি ঘুরে বেড়িয়েছেন রাস্তায় রাস্তায়। আলো ঝলমলে প্যান্ডেল (Pandal), বাজনার শব্দ আর নতুন জামাকাপড়ের গন্ধে যখন গোটা শহর মাতোয়ারা, তখন এই এক টুকরো মানবিকতা যেন মনে করিয়ে দিলউৎসব মানে শুধু আনন্দ নয়, ভাগ করে নেওয়ার নামও। পুলিশ মামার এই ছোট্ট উদ্যোগ ফুটপাতের রিয়া-গৌরী-পুতুলদের জন্য হয়ে উঠলো এক অমূল্য উপহার।
