নিউজ পোল ব্যুরো: রাষ্ট্রসংঘে ভাষণের দিনই বিক্ষোভের মুখে পড়লেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। নিউ ইয়র্কে (New York) রাষ্ট্রসংঘের সদর দফতরের বাইরে ‘পাকিস্তানে ফিরে যান’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে মার্কিন প্রবাসী বাংলাদেশিদের একাংশ।
শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন ইউনূস (Muhammad Yunus)। দেশের ‘উন্নয়ন’ এবং ‘স্থিতিশীলতা’র খতিয়ান তুলে ধরেন তিনি। কিন্তু বাইরে তখন এক ভিন্ন ছবি। বিক্ষোভকারীদের অভিযোগ, শেখ হাসিনার (Sheikh Hasina) নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ২০২৪ সালের ৫ অগাস্ট থেকে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন ইউনূস (Muhammad Yunus)। তার শাসনামলে সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়েছে বলেও অভিযোগ। বিক্ষোভকারীদের বক্তব্য, গত এক বছরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা, হত্যা, জবরদখল এবং ভয়ভীতি প্রদর্শন বেড়েছে। অনেক সংখ্যালঘু দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বলেও জানান তারা। তারা বলেন, “বাংলাদেশ এখন তালিবান-ধাঁচের রাষ্ট্রের দিকে এগোচ্ছে। চরমপন্থা এবং সন্ত্রাসের আশ্রয়ে দেশ পরিচালিত হচ্ছে।”
বিশেষ করে ধর্মীয় পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসের অবৈধ গ্রেপ্তার ও বন্দিদশা নিয়েও ক্ষোভ জানান বিক্ষোভকারীরা। তারা ইউনূসের পদত্যাগ ও অবাধ নির্বাচনের দাবি তোলেন। এক বিক্ষোভকারীর কথায়, “আমরা এখানে এসেছি কারণ একটি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সরকারের জায়গায় এখন চলছে চরমপন্থার রাজনীতি। যারা ভিন্ন ধর্মের, তাদের জন্য বাংলাদেশ আজ ভয়ংকর হয়ে উঠেছে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
বিক্ষোভকারীরা স্পষ্টভাবে অভিযোগ করেন, ইউনূস পাকিস্তানের সমর্থক, এবং তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ শাসনব্যবস্থাকে পাকিস্তানি ধাঁচে পরিচালনা করছেন। সেই কারণেই তাকে উদ্দেশ করে স্লোগান ওঠে, “ইউনূস পাকিস্তানি, পাকিস্তানে ফিরে যান!”
