মৌসুমী বায়ু দুর্বল, বর্ষা বিদায়ের পথে! কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টি

আবহাওয়া কলকাতা

নিউজপোল ব্যুরো: রাজ্যে মৌসুমী বায়ু ক্রমশ দুর্বল হচ্ছে। বাংলায় বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হলেও এখনও পুরোপুরি কাটেনি বৃষ্টির রেশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই।

এদিন কলকাতার আবহাওয়ায় বড়সড় কোনও পরিবর্তন দেখা না গেলেও আকাশে মেঘের আনাগোনা থাকছে। দিনের বিভিন্ন সময়ে শহরের কোথাও কোথাও হালকা বৃষ্টি নামতে পারে। বৃহস্পতিবারও বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। ফলে পুজোর আগে কেনাকাটা কিংবা মণ্ডপ তৈরির কাজে বড় ধরনের কোনো সমস্যা হবে না।

দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাহাড়ি ও সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া থাকতে পারে।