নিউজ পোল ব্যুরো: বাংলার ভোটার তালিকার বিশেষ পরিমার্জন কর্মসূচি (SIR) ঘিরে আরও কঠোর অবস্থান নিল জাতীয় নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের (Supreme Court) সাম্প্রতিক নির্দেশের পর রাজ্য প্রশাসন ও পুলিশ মহলের শীর্ষ আধিকারিকদের উদ্দেশে কড়া বার্তাসহ চিঠি পাঠিয়েছে কমিশন (Election Commission)। সেই চিঠিতে আদালতের দেওয়া নির্দেশগুলি ‘অক্ষরে অক্ষরে’ মানার কথা স্পষ্টভাবে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Mamata Banerjee: জাতীয় সম্মান পেল ‘বাংলার শিক্ষা ৩.০’, রাজ্যের শিক্ষাব্যবস্থার মুকুটে নয়া পালক
বুধবার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতার নগরপাল মনোজ ভর্মাকে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়। তাতে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জানুয়ারি এসআইআর (SIR) সংক্রান্ত মামলার শুনানির সময় সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, তা বাস্তবায়নে কোনওরকম শিথিলতা বরদাস্ত করা হবে না।
কমিশনের চিঠিতে জানানো হয়েছে, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস, মহকুমা স্তরের সরকারি দপ্তর এবং শহরাঞ্চলে ওয়ার্ডভিত্তিকভাবে এসআইআর শুনানির আয়োজন করতে হবে। এই শুনানিগুলি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত কর্মী সরবরাহ করার দায়িত্ব সম্পূর্ণভাবে রাজ্য সরকারের উপরই বর্তায়। যাতে সংশ্লিষ্ট কর্মীরা প্রতিটি শুনানি কেন্দ্রে গিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকদের প্রয়োজনীয় সহায়তা করতে পারেন।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এসআইআর (SIR) প্রক্রিয়ায় জেলাশাসক ও পুলিশ সুপারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে চিঠিতে উল্লেখ করেছে কমিশন। প্রতিটি শুনানি কেন্দ্রে পর্যাপ্ত কর্মী ও নিরাপত্তা বাহিনী মোতায়েনের দায়ভার তাঁদেরই। পাশাপাশি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজ্য পুলিশের ডিজি, নগরপাল এবং জেলা প্রশাসনকে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে কড়া সতর্কবার্তা দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ পালনে কোনওরকম অবহেলা, বিশৃঙ্খলা, বাধা কিংবা প্রশাসনিক গাফিলতি ধরা পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশ মানতে ব্যর্থ হলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিতও স্পষ্টভাবে দিয়েছে কমিশন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
