Weather Update: দিনে রোদ, রাতে কনকনে ঠান্ডা! খামখেয়ালি আবহাওয়ায় নাজেহাল বঙ্গবাসী, ডিসেম্বরে জাঁকিয়ে শীতের ইঙ্গিত

আবহাওয়া কলকাতা

নিউজ পোল ব্যুরো: দিনে রোদের তেজ, আবার গভীর রাতে হঠাৎ ঠান্ডার কামড়—এই দ্বৈত আবহাওয়ার খেলায় রীতিমতো নাজেহাল হয়ে পড়েছেন বঙ্গবাসী (Weather Update)। রাজ্যের বিভিন্ন জেলায় এখন আবহাওয়া কার্যত খামখেয়ালি মেজাজে চলছে। কোথাও হালকা শীতের আমেজ, কোথাও আবার রোদের দাপটে সেই ঠান্ডা উধাও হয়ে যাচ্ছে। পুরুলিয়া জেলায় সকালের দিকে হালকা কুয়াশার দেখা মিলছে। ভোরে ঠান্ডা থাকলেও বেলা বাড়তেই ঝলমলে রোদে তা অনেকটাই কেটে যাচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১২ ডিগ্রির আশেপাশে। প্রতিদিনই তাপমাত্রার এই ওঠানামার কারণে সাধারণ মানুষ থেকে স্বাস্থ্য বিশেষজ্ঞ সকলেই চিন্তিত (Weather Update)।

আরও পড়ুন : Abhishek Banerjee: তৃণমূলে ‘রিপোর্ট কার্ড রাজনীতি’, ৬ ডিসেম্বর মমতার দোরগোড়ায় অভিষেকের মূল্যায়ন, বদলের ইঙ্গিত জোরালো

দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে (South Bengal Weather Update)। বঙ্গোপসাগরে তৈরি জোড়া নিম্নচাপের প্রভাবে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সপ্তাহান্তের দিকে দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা বাড়লেও সকালে কুয়াশার দাপট আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। দিনের বেলায় আকাশ মূলত পরিষ্কার থাকলেও কোনও কোনও জেলায় বিকেল কিংবা সন্ধ্যায় মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়ার প্রভাব বজায় রয়েছে (North Bengal Weather Update)। সেখানে ইতিমধ্যেই জাঁকিয়ে শীত পড়েছে। সকালের দিকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে একাধিক এলাকা। পাহাড়ি জেলায় ঠান্ডার দাপট তুলনামূলকভাবে বেশি। যদিও সপ্তাহের শেষ দিকে উত্তরবঙ্গেও তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দক্ষিণবঙ্গের মানুষকে জাঁকিয়ে শীত উপভোগ করতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই উত্তর-পশ্চিম মৌসুমি বায়ু রাজ্যে প্রবেশ করতে শুরু করবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাতের তাপমাত্রা নেমে যেতে পারে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সঙ্গে বাড়বে কুয়াশার দাপটও। শীতের এই জোরালো ইনিংসের জন্য প্রস্তুত থাকতে বলছেন আবহাওয়াবিদরা (Weather Update)।