Abhishek Banerjee: তৃণমূলে ‘রিপোর্ট কার্ড রাজনীতি’, ৬ ডিসেম্বর মমতার দোরগোড়ায় অভিষেকের মূল্যায়ন, বদলের ইঙ্গিত জোরালো

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: এসআইআর (SIR) নিয়ে রাজ্যজুড়ে যখন তোপ দাগছে শাসক দল, তখনই তৃণমূলের (TMC) অন্দরে শুরু হয়েছে আরও এক ‘নীরব ঝড়’। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবার সরাসরি নেতৃত্বের কাজের হিসেব তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে। আগামী ৬ ডিসেম্বর যে রিপোর্ট কার্ড জমা পড়বে দিদির টেবিলে, তা নিয়েই তৃণমূলের করিডোরে তীব্র জল্পনা এই রিপোর্টের পরেই কি দলের ভেতরে শুরু হতে চলেছে বড়সড় রদবদল?

আরও পড়ুন: CTE 2025: “কেন্দ্রীয় টেট ২০২৫: শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রস্তুতির জন্য প্রয়োজনীয় তথ্য”

গত কয়েক সপ্তাহ ধরেই এসআইআর (SIR) প্রক্রিয়া ঘিরে কমিশনকে একপ্রকার বোমা ছুঁড়ে চলেছেন মমতা ও অভিষেক (Abhishek Banerjee)। দু’জনেই অভিযোগ তুলেছেন পরিকল্পনাহীনভাবে এত দ্রুত কাজ চাপিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। তবে অভিযোগ করলেও সংগঠনের ভিতরগত ছন্দ যাতে কোথাও আলগা না হয়ে যায়, সেদিকেও সমান নজর রাখছেন অভিষেক (Abhishek Banerjee)। ভার্চুয়াল বৈঠকে রাজ্যের বিভিন্ন এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতাদের স্পষ্ট নির্দেশ একটিও বৈধ ভোটারের নাম যেন বাদ না পড়ে।

নেতাদের কাজের গতি, দক্ষতা ও মাঠে সক্রিয়তার ভিত্তিতেই এবার তৈরি হচ্ছে এই রিপোর্ট কার্ড। কোথায় প্রশংসা, কোথায় ভর্ৎসনা সবকিছুই নোট করে রাখা হয়েছে। কারা সত্যিই দায়িত্ব সামলেছেন, কারা শুধুই নির্দেশ শুনে চুপচাপ বসে থেকেছেন সবকিছুর খতিয়ান যাচ্ছে সরাসরি দিদির হাতে। ৪ নভেম্বর থেকে এসআইআর (SIR) ফর্ম বিলি শুরু হয়েছে, চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। কমিশন যেমন তথ্য ডিজিটাইজ করছে, তেমনই তৃণমূলের সংগঠনও নিজের আলাদা ডেটাবেস তৈরি করছে। বিএলএ–২ থেকে দিদির দূত অ্যাপ সব জায়গায় তথ্য আপলোড হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায়।

তৃণমূলের অন্দরমহলের দাবি, ভোটের আগে এই রিপোর্ট কার্ডই অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করে দেবে। যারা কাজের দিক থেকে পিছিয়ে, তাদের উপর নেমে আসতে পারে বড়সড় সাংগঠনিক শাস্তি; আবার যারা পরিশ্রম করেছেন, তাদের হাতেই উঠতে পারে নতুন দায়িত্বের চাবিকাঠি। আগেও দেখা গেছে যে এলাকায় লোকসভায় খারাপ ফল হয়েছে, সেখানে পৌরসভার চেয়ারম্যান বদলে দিয়েছেন মমতা। তাই এই রিপোর্টের গুরুত্ব যে সীমাহীন, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole