নিউজ পোল ব্যুরো: দেশ যখন ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক সেই সময়ই দিল্লির কর্তব্যপথে সাক্ষী থাকতে চলেছে এক অনন্য ইতিহাস। মাত্র ২৬ বছর বয়সে সহকারী কমান্ড্যান্ট সিমরন বালা (Simran Bala) এমন এক নজির গড়তে চলেছেন, যা আগে কখনও ঘটেনি। তিনিই (Simran Bala) হবেন প্রথম মহিলা অফিসার, যিনি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF)-র সম্পূর্ণ একটি পুরুষ দলকে নেতৃত্ব দেবেন।
২৬ জানুয়ারি নয়াদিল্লির কর্তব্যপথে আয়োজিত আনুষ্ঠানিক কুচকাওয়াজে সিমরনের নেতৃত্বে মার্চ করবেন ১৪০ জনেরও বেশি পুরুষ জওয়ান। দেশের বৃহত্তম আধাসামরিক বাহিনীর ইতিহাসে এই ঘটনা যেমন ব্যতিক্রমী, তেমনই নারী নেতৃত্বের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: SIR: নির্বাচন প্রক্রিয়ায় গাফিলতি দেখা গেলেই কড়া ব্যবস্থা! মুখ্যসচিব, ডিজি ও সিপি-কে কড়া চিঠি কমিশনের
সীমান্ত এলাকা থেকে রাষ্ট্রীয় মঞ্চে উঠে আসার এই যাত্রা মোটেও সহজ ছিল না। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সীমান্তঘেঁষা শহর নওশেরায় সিমরন বালার বেড়ে ওঠা। নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি পরিবেশে বড় হওয়ায় শৃঙ্খলা, দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা ছিল তাঁর (Simran Bala) জীবনের অঙ্গ। তবে একদিন দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ কুচকাওয়াজে নেতৃত্ব দেবেন এমন স্বপ্নও একসময় তাঁর কাছে অবাস্তব বলে মনে হয়েছিল। সিমরন তাঁর জেলার প্রথম মহিলা CRPF অফিসার। নিরাপত্তা-সংবেদনশীল এই অঞ্চলে তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং সমাজে মেয়েদের ভূমিকা ও সম্ভাবনার এক শক্তিশালী বার্তা বহন করে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
