Election Commission: ফর্ম ৬ ভর্তি প্যাকেট সহ এক যুবককে হাতেনাতে ধরার পর তুমুল উত্তেজনা, হাতাহাতিতে উত্তপ্ত স্ট্যান্ড রোড

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্যের নতুন নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে মঙ্গলবার হঠাৎই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এক যুবককে একাধিক ফর্ম ৬-সহ হাতেনাতে ধরে ফেলেন তৃণমূলপন্থী বিএলওরা। তাঁদের দাবি, ওই যুবকের কাছে থাকা প্লাস্টিকের প্যাকেটে প্রায় ৪০০টি ফর্ম ৬ ছিল। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে বচসা থেকে শুরু হয় ধাক্কাধাক্কি ও মারামারি। ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মীদের দুই পক্ষকে সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয়।

আরও পড়ুন: SIR List: পঞ্চম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, ফের বহু নাম বাদ, নতুন করে বিতর্কে ভোটার তালিকা

স্ট্যান্ড রোডে নতুন নির্বাচনী দফতরের সামনে আইনশৃঙ্খলা অবনতি ঠেকাতে কলকাতা পুলিশ দ্রুত অতিরিক্ত বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করে। অভিযোগ ওঠে, ওই যুবককে মারধর করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন দফতরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি ও তৃণমূলপন্থী বিএলওরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে স্ট্যান্ড রোডে সিইও অফিসের সামনে হঠাৎ করে তৃণমূলপন্থী বেশ কয়েকজন বিএলও জড়ো হন। তাঁদের অভিযোগ, মেদিনীপুরের বাসিন্দা ওই যুবক প্লাস্টিকের প্যাকেটে ভর্তি ফর্ম ৬ জমা দিতে যাচ্ছিলেন। সন্দেহ হওয়ায় তাঁকে আটকানো হয় এবং টানাহেঁচড়া শুরু হয়। যদিও ওই প্যাকেটে ঠিক কতগুলি ফর্ম ছিল এবং সেগুলি আদৌ ফর্ম ৬ কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

ঘটনার খবর পেয়ে চৌরঙ্গীর বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক দলবল নিয়ে সেখানে পৌঁছন। এরপর দুই পক্ষের মধ্যে বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভের জেরে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল পুলিশ মোতায়েন করা হয়। অভিযোগ, তৃণমূলপন্থী বিএলওদের মোটরসাইকেলেও হামলা চালানো হয়।এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে ভোটার তালিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, এসআইআর-এর নামে বহু ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে এবং ভিন রাজ্যের ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার চক্রান্ত চলছে।