নিউজ পোল ব্যুরো: বাড়ির স্নানঘরে পিছলে পড়ে গুরুতর আহত হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। এই দুর্ঘটনায় তার ডান পা ভেঙেছে এবং কোমর ও মাথাতেও চোট লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। দ্রুত তাকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে বিশিষ্ট অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে, মঙ্গলবার সকালেই তাঁর পায়ে অস্ত্রোপচার করা হবে এবং পরবর্তী কয়েক সপ্তাহ তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
আরও পড়ুন: ED: ১২ ঘণ্টার ম্যারাথন জেরা! ইডি দফতর থেকে বেরিয়ে সুজিত – পুত্র,ইডির জিজ্ঞাসাবাদে নয়া মোড়
ঘটনাটি ঘটে উত্তর কলকাতার গড়পার রোডে তার নিজ বাসভবনে। সোমবার দুপুরে স্নানঘরে ঢোকার সময় হঠাৎই ভারসাম্য হারিয়ে পড়ে যান কুণাল। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তার অবস্থা বুঝে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে স্ক্যান ও অন্যান্য পরীক্ষার পর চিকিৎসকরা জানান, মাথার আঘাত গুরুতর নয়, তবে ডান পায়ের হাড় ভেঙে যাওয়ায় জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। উল্লেখ্য, এটি কুণাল ঘোষের প্রথম দুর্ঘটনা নয়। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে কলকাতা রেফারি ক্লাবের মাঠে ফুটবল খেলতে গিয়ে তার বাম পা ভেঙে গিয়েছিল। প্রায় দুই বছর পর আবারও একই ধরনের দুর্ঘটনায় আহত হওয়ায় তাওর অনুগামীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়াতেই সেখানে ছুটে আসেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-কর্মী, সংবাদমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিত্ব ও শুভানুধ্যায়ীরা। ফোনে খোঁজ নেন রাজ্য মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিধায়ক ও সাংসদরাও। এমনকি সন্ধ্যায় হাসপাতালে এসে তার শারীরিক অবস্থার খোঁজ নেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও।অপারেশন থিয়েটারে যাওয়ার আগে কুণাল ঘোষ নিজেই হাসপাতালের বেড থেকে একটি ফেসবুক ভিডিও বার্তা শেয়ার করেন। সেখানে তিনি জানান, মাথায় গুরুতর আঘাত নেই এবং কোমরেও নতুন করে কোনও সমস্যা হয়নি। তবে পায়ের অস্ত্রোপচার অত্যাবশ্যক। পাশাপাশি, যারা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
আশ্চর্যের বিষয়, শারীরিক অসুস্থতার মধ্যেও রাজনৈতিক দায়িত্ব পালন থেকে পিছিয়ে যাননি কুণাল ঘোষ। হাসপাতালের শয্যায় শুয়েই তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল সাংগঠনিক বৈঠকে যোগ দেন। চিকিৎসকরা আপাতত তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন এবং দ্রুত সুস্থতার আশায় রয়েছেন তার সহকর্মী ও সমর্থকরা।
