নিউজ পোল ব্যুরো: ঐতিহাসিক যাত্রাপথের স্মৃতিকে আরও গৌরবান্বিত করতে আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইন্ডিয়া পোস্ট (India Post) প্রকাশ করল একটি বিশেষ ডাকটিকিট। ১৯৫১ সালে হিজলি ডিটেনশন সেন্টারের গর্ভ থেকে জন্ম নেওয়া এই প্রতিষ্ঠানের দেশ-বিদেশে বিকাশমান সাফল্যের পদচিহ্নকেই তুলে ধরেছে এই Special Postage Stamp। সম্প্রতি আয়োজিত এই অনুষ্ঠানে শুধু স্মারক ডাকটিকিটই নয়, ভবিষ্যতের গবেষণা ও একাডেমিক বিকাশ নিয়ে আরও এক গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়। আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) তাদের প্রস্তাবিত Houston Outreach Centre–এর সম্ভাবনা, সুযোগ, এবং কৌশলগত লক্ষ্য নিয়ে বিশদ আলোচনার সূচনা করে। পাশাপাশি শিল্পসংস্থা ও বৈশ্বিক অ্যালামনি নেটওয়ার্ককেও (Alumni Network) এই উদ্যোগের মাধ্যমে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে পরিচালক সুমন চক্রবর্তী জানান, “এই স্মারক ডাকটিকিট উন্মোচন আমাদের সামগ্রিক যাত্রার গৌরবকে নতুন করে তুলে ধরে। এটি আমাদের আকাঙ্ক্ষা, আমাদের পরিশ্রম এবং দেশের আমাদের ওপর আস্থার প্রতীক।” তিনি আরও বলেন, “হিউস্টনে প্রস্তাবিত কেন্দ্র নিয়ে আজকের আলোচনা আমাদের বৈশ্বিক সম্পৃক্ততার নতুন অধ্যায়ের সূচনা করবে। এই উদ্যোগে অশোক দেসারকর এবং আমাদের অ্যালামনিদের অবদান অনন্য।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অফ গভর্নর্স-এর চেয়ারম্যান টি ভি নরেন্দ্রন, পশ্চিমবঙ্গের চিফ পোস্ট মাস্টার জেনারাল অশোক কুমার এবং যুক্তরাষ্ট্রস্থ আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) ফাউন্ডেশনের সভাপতি অশোক দেসারকর। দেসারকর তার ব্যক্তিগত ১০ মিলিয়ন মার্কিন ডলারের (10 million USD) সম্পত্তি হিউস্টনে দান করেছেন, যা হবে প্রস্তাবিত আউটরিচ সেন্টারের প্রধান ভিত্তি। যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল ক্যাথি গাইলস-ডিয়াজ বলেন, “হিউস্টনে আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur)আউটরিচ সেন্টার উদ্যোগটি ভারত-আমেরিকা বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতার সম্পর্ককে আরও দৃঢ় করবে।” অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক প্রতিমন্ত্রী শুকান্ত মজুমদারও প্রতিষ্ঠানের এই আন্তর্জাতিক উদ্যোগকে প্রশংসা করেন।
