Weather Update : দক্ষিণবঙ্গে শীতের আগমন দেরি! কলকাতা ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা সামান্য বেড়ে কুয়াশার দাপট বাড়বে

আবহাওয়া কলকাতা

নিউজ পোল ব্যুরো: নভেম্বরের শুরুতে দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) শীতের যে ভালোমন্দ আমেজ শুরু হয়েছিল, তা গত কয়েকদিনে কিছুটা ফিকে হয়ে গেছে। কলকাতা ও আশপাশের জেলাগুলিতে তাপমাত্রা খানিকটা বেড়েছে। আবহাওয়া দফতরের মতে, শীত পুরো দমে নামতে এখনও কয়েকদিন সময় লাগবে। তবে আগামী ৩–৪ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পারদ ৩–৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। যদিও সেটা পাকাপাকি শীতের আগমন নয়, বরং শীতের হালকা ঝোড়ো ব্যাটিংয়ের শুরু। কলকাতার তাপমাত্রা আগামী ২–৩ দিনের মধ্যে ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে পূর্বাভাস। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আরও ১–২ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) এবং দক্ষিণ আন্দামান সাগরে নতুন নিম্নচাপ (Low Pressure Area) তৈরি হওয়ায় শীত পুরোপুরি জাঁকিয়ে বসতে পারছে না। আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপ ধীরে ধীরে গভীর নিম্নচাপে (Deep Depression) পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হতে পারে। যদিও ঘূর্ণিঝড় তৈরি হলেও তার প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না।

আরও পড়ুন : Delhi : বাংলার ‘মা ক্যান্টিন’ মডেলেই পথ চলা দিল্লির, সুলভ খাবারের উদ্যোগে রাজ্যের সাফল্য দেশের নজর কাড়ল

তবে এই আবহাওয়াগত অস্থিরতার কারণে শীত আসতে দেরি হচ্ছে। আপাতত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে। আগাম বার্তা অনুযায়ী, কুয়াশা (Fog) বেশ বাড়বে এবং প্রায় সব জেলাতেই সকালবেলা ঘন কুয়াশার দাপট দেখা যাবে। উপকূলবর্তী এলাকাগুলিতে কুয়াশা আরও বেশি ভোগাতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৪–১৫ ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে। সকাল ও রাতের দিকে কলকাতা সহ পুরো দক্ষিণবঙ্গেই ঠান্ডার অনুভূতি বাড়বে। তবে ডিসেম্বরের আগে স্থায়ী ও জাঁকিয়ে শীত নামার সম্ভাবনা কম। দক্ষিণবঙ্গে শীতের আভাস মিললেও পুরোপুরি শীত নামতে এখনও অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather Update) ইতিমধ্যেই শীতের প্রভাব স্পষ্ট। পাহাড়ি অঞ্চলে বইছে হিমেল হাওয়া, দিনের বেলায় সূর্যের দেখা মিললেও রোদের জোর খুব একটা নেই। গত কয়েক দিনে শীতের আমেজ আরও বেড়েছে। সোমবার দার্জিলিঙের কিছু অংশে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য অঞ্চলে আবহাওয়া শুষ্কই থাকবে। কুয়াশার কারণে ভোর ও রাতের দিকে দৃশ্যমানতা (Visibility) কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।