নিউজপোল ব্যুরো: সন্ধ্যা নামার আগেই কালো মেঘে ঢেকে গেল তিলোত্তমা। তারপরই শুরু বজ্রপাত, ঝোড়ো হাওয়া আর টানা বৃষ্টির দাপট। আবহাওয়ার এই হঠাৎ বদলে চিন্তা বাড়ল কলকাতা থেকে উত্তরবঙ্গ পর্যন্ত।
আলিপুর আবহাওয়া দফতর কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলায় কমলা সতর্কতা জারি করেছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। সল্টলেক, লেকটাউন-সহ একাধিক জায়গায় ভারী বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই দুর্যোগ কেবল শুরু। আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গ নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই কারণেই সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
তবে আবহাওয়াবিদদের আশঙ্কা, পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। যদি বৃষ্টির পরিমাণ আরও বাড়ে, তাহলে আগামী দু’দিনের মধ্যে লাল সতর্কতাও জারি করা হতে পারে। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে।এরই মধ্যে সিকিমে প্রবল বৃষ্টির জেরে একাধিক জায়গায় ধস নামতে শুরু করেছে। কয়েকদিন আগেই ভয়াবহ বন্যা ও বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল সিকিম। এখনও সেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। কিছু জায়গায় জাতীয় সড়কে যান চলাচলও ব্যাহত হয়েছে। আবহাওয়া দফতর সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে। বজ্রপাতের সময় খোলা জায়গা, গাছের নিচে বা জলাশয়ের কাছে না যাওয়ারও অনুরোধ করা হয়েছে।
