নিউজপোল ব্যুরো: একদিকে মেসিকে কলকাতায় আনার নামে কোটি কোটি টাকার কেলেঙ্কারির ধাক্কা, আর অন্যদিকে সরাসরি খুনের চেষ্টার মামলা! চারিদিক থেকে যেন এবার আইনের ফাঁদ ঘিরে ধরছে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। আলিপুর থানায় দায়ের হওয়া একটি অভিযোগে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর কয়েকজন ঘনিষ্ঠের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক আলোচনা।
অভিযোগকারী আইনজীবী নির্মলেন্দু ঘোষের দাবি, তিনি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ মামলায় আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। সেই মামলার সঙ্গে স্বরূপ বিশ্বাসের নাম জড়িত রয়েছে বলে জানা গেছে। আইনজীবীর অভিযোগ, ওই মামলা পরিচালনা করার কারণেই তাঁকে নানা ধরনের চাপের মুখে পড়তে হয়েছে। ঘটনার সূত্রপাত আলিপুর আদালত চত্বরে। অভিযোগ অনুযায়ী, গত ১৮ তারিখ মামলার শুনানির দিন আদালত এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় একদল ব্যক্তি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে বলে দাবি করেছেন ওই আইনজীবী। এমনকি তাঁকে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
একদিকে মেসিরকাণ্ডে কালো টাকা হজম করার চাপ, আর অন্যদিকে থানায় খুনের চেষ্টার ডায়েরি— ‘ভাইপো’র পর এবার কি তবে অরূপ বিশ্বাসের পালা? মমতার প্রিয় পাত্র কি এবার রাজপ্রাসাদ ছেড়ে সোজা জেলের চার দেওয়ালের দিকে পা বাড়াচ্ছেন?
