West Bengal Weather Update: আর্দ্রতা ও বৃষ্টি মিলিয়ে অস্বস্তি চরমে, ভোগান্তি বাড়বে রাজ্যে

আবহাওয়া কলকাতা

নিউজ পোল ব্যুরো: ফের একবার রাজ্যে সক্রিয় হচ্ছে মৌসুমী অক্ষরেখা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রবণতা বাড়তে চলেছে। অন্যদিকে উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্যের আবহাওয়া সমানে ভোল বদলাচ্ছে—এক মুহূর্তে রোদের দাপট, তো পরক্ষণেই ঝমঝমিয়ে নামছে বৃষ্টি। এই পরিস্থিতিতেই আগামী কয়েক দিনে নতুন করে পরিবর্তন আসবে বলেই মনে করছে আবহাওয়া দফতর।মঙ্গলবার অর্থাৎ আজ , সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।

আরও পড়ুন: Kolkata Metro: এই রুটে মেট্রো চালু হলে কমবে যানজট

বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। একই সময়ে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কিছু জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।আবহাওয়া দফতরের মতে, বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর ওড়িশা উপকূলে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। এর ফলে সমুদ্র হবে উত্তাল। তাই মঙ্গলবার ২রা সেপ্টেম্বর থেকে বৃহস্পতিবার ৪ঠা সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকেই বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে, এমনকি দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলতে পারে বলেই পূর্বাভাস। সব মিলিয়ে বলা যায়, রাজ্যের একদিকে ভারী বৃষ্টি, অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি মিলিয়ে আগামী কয়েক দিন ভোগান্তি চলবেই। তবে প্রকৃতির এই ভোলবদলই আবার রাজ্যে নিয়ে আসবে বহু প্রতীক্ষিত বর্ষার রূপ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole