নিউজ পোল ব্যুরো: ভোটের আবহে ফের সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এবার রাজ্যের দুই মন্ত্রীকে তলব করে নতুন করে রাজনৈতিক বিতর্কের সূচনা করেছে এই সংস্থা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দমকলমন্ত্রী ও বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু (Sujit Basu) এবং খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের প্রার্থী রথীন ঘোষকে (Rathin Ghosh) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, আগামী ৬ এপ্রিল সুজিত বসুকে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিতে হবে। একইভাবে, ৮ এপ্রিল রথীন ঘোষকেও সেখানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Millennium Park: অনির্দিষ্টকালের জন্য বন্ধ মিলেনিয়াম পার্ক ও শিপিং জেটি, বিপাকে পর্যটকরা
এই তলবকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস (TMC) তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দলের অভিযোগ, নির্বাচন এলেই কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। তাদের দাবি, ভোটের মুখে এই ধরনের পদক্ষেপের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং তা বিরোধীদের চাপে রাখার কৌশল।
উল্লেখযোগ্যভাবে, এর আগে আরেক তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকেও একটি জমি সংক্রান্ত মামলায় তলব করেছিল ইডি (ED)। তাঁর গত তিন বছরের ব্যাঙ্ক লেনদেন ও সম্পত্তির বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। ইতিমধ্যেই তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত তথ্য জমা দিতে বলা হয়েছে।
তদন্ত সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার একটি নির্মাণ সংস্থার বিরুদ্ধে বেআইনি জমি দখল ও নির্মাণের অভিযোগ উঠেছে। সেই সংস্থার সঙ্গে পুরসভার যোগসাজশের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি ওই সংস্থার অফিসে তল্লাশি চালিয়েছে ইডি (ED)। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট এলাকায় একাধিক বেআইনি নির্মাণ হয়েছে, যার তদন্তেই এই তলব প্রক্রিয়া চলছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
