নিউজ পোল ব্যুরো: নির্বাচনের উত্তাপ বাড়তেই নিরাপত্তা জোরদার করতে বড় সিদ্ধান্ত নিল প্রশাসন। মধ্য কলকাতার অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র মিলেনিয়াম পার্ক (Millennium Park) অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি, পার্ক সংলগ্ন শিপিং জেটিও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্কের (Millennium Park) ঠিক উল্টোদিকেই অবস্থিত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর, যেখানে গত কয়েকদিন ধরে একাধিকবার উত্তেজনার ঘটনা ঘটেছে। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: NCERT Book: বিতর্কের মাঝেই স্কুলপাঠ্য বইয়ে সতর্কতার বার্তা, মুখ খুললেন NCERT অধিকর্তা
শুক্রবার দুপুরে হঠাৎ করেই পার্কের (Millennium Park) ভিতরে থাকা দর্শনার্থীদের বাইরে বেরিয়ে যেতে বলা হয় এবং এরপরই গেট বন্ধ করে দেওয়া হয়। গঙ্গার ধারে অবস্থিত এই পার্কটি সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হওয়ায়, এই সিদ্ধান্তে অনেকেই অসুবিধায় পড়েছেন। একইসঙ্গে শিপিং জেটি বন্ধ হয়ে যাওয়ায় আরও সমস্যা তৈরি হয়েছে। ফেয়ারলি প্লেস সংলগ্ন বহু অফিসকর্মী প্রতিদিন এই জেটি ব্যবহার করে গঙ্গা পারাপার করেন বা হাওড়া স্টেশনে দ্রুত পৌঁছতে লঞ্চ ধরেন। ফলে এই পরিষেবা বন্ধ থাকায় তাঁদের যাতায়াতে বিঘ্ন ঘটছে।
উল্লেখ্য, মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে সম্প্রতি একাধিকবার বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্ট্র্যান্ড রোডের কিছু অংশে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (আগের ১৪৪ ধারা) জারি করা হয়েছে। যাতায়াতেও কিছুটা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
গত ৩১ মার্চ ফর্ম জমা দেওয়া নিয়ে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষের পর থেকেই নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতেই বড় জমায়েত এড়াতে মিলেনিয়াম পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং পার্ক ও জেটি ফের চালু হবে, তা এখনও স্পষ্ট নয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
