NCERT Book: বিতর্কের মাঝেই স্কুলপাঠ্য বইয়ে সতর্কতার বার্তা, মুখ খুললেন NCERT অধিকর্তা

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: নতুন শিক্ষাবর্ষের আগে স্কুলপাঠ্য বই প্রকাশে আরও সতর্ক হচ্ছে NCERT (NCERT Book)। এপ্রিল থেকেই নবম শ্রেণির পড়ুয়ারা বই হাতে পেলেও, তার আগে প্রতিটি অধ্যায় নিয়ে চলছে একাধিক স্তরের যাচাই। বিশেষজ্ঞ কমিটি বার বার খতিয়ে দেখছে বিষয়বস্তু, যাতে কোনও রকম ভুল বা বিতর্কের সম্ভাবনা আগেই এড়ানো যায়। সম্প্রতি এই প্রসঙ্গে সংস্থার অধিকর্তা দীনেশ প্রসাদ সাকলানি জানিয়েছেন, যেসব অধ্যায় বা বিষয় নিয়ে বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, সেগুলির ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। তাঁর কথায়, পাঠ্যবই এমন হওয়া উচিত যা শিক্ষার্থীদের জন্য উপযোগী, নির্ভুল এবং অপ্রয়োজনীয় বিতর্কমুক্ত।

আরও পড়ুন:

স্কুলপাঠ্য বই ঘিরে সাম্প্রতিক বিতর্কের আবহেই বাড়তি সতর্কতার পথে হাঁটছে NCERT। CBSE আয়োজিত একটি অনুষ্ঠানে এই বিষয়ে বিস্তারিত জানান সংস্থার অধিকর্তা দীনেশ প্রসাদ সাকলানি। তিনি জানিয়েছেন, নতুন শিক্ষাবর্ষে নবম শ্রেণির পাঠ্যবই ১০ থেকে ১৫ এপ্রিলের মধ্যে স্কুলগুলিতে পৌঁছে যাবে। তবে বই (NCERT Book) প্রকাশের আগে প্রতিটি অধ্যায় একাধিক স্তরে যাচাই করা হচ্ছে, যাতে কোনও ভুল বা বিতর্কের সম্ভাবনা আগেই চিহ্নিত করা যায়। জানা গিয়েছে, কিছু বইয়ের ক্ষেত্রে এখনও যাচাইকরণ প্রক্রিয়া চলছে। প্রাথমিক মুদ্রণের পর কোনও ত্রুটি রয়ে গিয়েছে কি না, বা কোনও অধ্যায় নিয়ে সংশয় তৈরি হতে পারে কি না— তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞেরা। এই যাচাই সম্পূর্ণ হলেই সংশ্লিষ্ট বই পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থা।

উল্লেখ্য, সম্প্রতি অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান বইয়ের (NCERT Book) একটি অধ্যায় ঘিরে বিতর্ক তৈরি হয়। ‘সমাজে বিচারব্যবস্থার ভূমিকা’ শীর্ষক অংশে বিচারব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত হিসেবে উল্লেখ করায় হস্তক্ষেপ করে Supreme Court of India। আদালত ওই বই নিষিদ্ধ করার পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা দফতর ও এনসিইআরটির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগও ওঠে। এই প্রেক্ষিতে আদালতের নির্দেশ মেনে সংশ্লিষ্ট অধ্যায়ের (NCERT Book) পুনর্মূল্যায়নের কাজ শুরু হয়েছে। প্রাক্তন অ্যাটর্নি জেনারেল কে কে ভেন্যুগোপাল, প্রাক্তন বিচারপতি ইন্দু মলহোত্রা এবং অনিরুদ্ধ বোস-এর নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি ইতিমধ্যেই সংশোধনের প্রক্রিয়া শুরু করেছে। এনসিইআরটির দাবি, ভবিষ্যতে যাতে এ ধরনের বিতর্ক এড়ানো যায়, সে দিকেই এখন বিশেষ নজর দেওয়া হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole