Calcutta University: বুদ্ধিস্ট স্টাডিজে স্নাতকোত্তর স্তরে ভর্তি নেবে কলকাতা বিশ্ববিদ্যালয়, ২৮ অক্টোবর পর্যন্ত আবেদন

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: বুদ্ধিস্ট স্টাডিজে উচ্চশিক্ষার সুযোগ এবার খুলে দিল কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিটের আশুতোষ শিক্ষা প্রাঙ্গন ও আলিপুরের ক্ষুদিরাম শিক্ষা প্রাঙ্গনের একাধিক বিভাগে স্নাতকোত্তর স্তরে আসন খালি রয়েছে। তাই এই মুহূর্তে সরাসরি ভর্তি প্রক্রিয়া চালু করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Jissu Sengupta: বর্ধমানের অনুষ্ঠানে ভিড়ের চাপে মেজাজ হারালেন যিশু, ভাইরাল ভিডিয়োতে কী বললেন অভিনেতা

কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) সূত্রে জানা গিয়েছে, বুদ্ধিস্ট স্টাডিজ ছাড়াও সংস্কৃত, আরবি, পালি, ভাষাতত্ত্ব, তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য, ফরাসি, রাশিয়ান, দর্শন, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় বিদ্যা বিভাগের স্নাতকোত্তর কোর্সে আবেদন গ্রহণ করা হচ্ছে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তবে তাঁদের স্নাতক স্তরে অন্তত ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্যক।

ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে অফলাইনে। আবেদনকারীদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) কলেজ স্ট্রিট বা আলিপুর ক্যাম্পাসে গিয়ে নথিপত্র জমা দিতে হবে। এর পরে জমাকৃত আবেদন যাচাই করে প্রবেশিকার মাধ্যমে ভর্তি নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া আবেদনপত্র পূরণ করে জমা দেওয়া, স্নাতক স্তরের প্রতিটি সেমেস্টারের মার্কশিটের হার্ড ও সফট কপি, আবেদনকারীর ছবি ও স্বাক্ষরের সফট কপি এবং আবেদন ও প্রবেশিকার নির্ধারিত ফি।

কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) জানিয়েছে, আবেদনকারীরা ২৮ অক্টোবর পর্যন্ত দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিজেদের আবেদন জমা দিতে পারবেন। এর পরে যাচাই প্রক্রিয়া শুরু হবে এবং যোগ্য প্রার্থীদের প্রবেশিকার তারিখ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিশে জানানো হবে।যাঁরা বৌদ্ধ দর্শন, প্রাচীন ভারতীয় চিন্তাধারা ও এশীয় সংস্কৃতির নানা দিক গভীরভাবে জানতে চান, তাঁদের জন্য এই সুযোগ বিশেষ গুরুত্বপূর্ণ। কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)-র বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ বহু বছর ধরে গবেষণা ও পাঠদানের ক্ষেত্রে জাতীয় স্তরে অন্যতম। তাই বৌদ্ধ ঐতিহ্য ও দর্শনের অনুরাগীদের কাছে এই ভর্তি প্রক্রিয়া নিঃসন্দেহে এক বিরল সুযোগ।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole