নিউজ পোল ব্যুরো: ফের নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে উদ্দেশ করে চিঠি লিখে কমিশনের কার্যপদ্ধতি নিয়ে কড়া সমালোচনা করেছেন তিনি (Mamata Banerjee)। এর আগেও এসআইআর (বিশেষ নিবিড় সংশোধন) প্রক্রিয়া এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে একাধিকবার আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই অসন্তোষ আরও তীব্রভাবে প্রকাশ পেল তাঁর চিঠিতে।
আরও পড়ুন:Election 2026: নির্বাচনের আগে চমক! স্থানান্তরিত হচ্ছে মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর
চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেন, নির্বাচন কমিশনের কাজের ধরন তাঁকে বিস্মিত করেছে এবং সংবিধানসম্মত শিষ্টাচারের সীমা লঙ্ঘন করা হচ্ছে। তিনি দাবি করেন, কমিশনের কিছু পদক্ষেপের বিরুদ্ধে তাঁকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতেও বাধ্য হতে হয়েছে। এসআইআর প্রক্রিয়াতেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি বলেন, বারবার বিষয়গুলি কমিশনের নজরে আনা হলেও কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি। তাঁর কথায়, সাধারণ মানুষের স্বার্থে আদালতের শরণাপন্ন হতে হয়েছে এবং আদালতের নির্দেশ এখন কার্যকর করার প্রক্রিয়ায় রয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ভোটার তালিকা প্রকাশে অযথা দেরি করা হচ্ছে এবং আবেদন জানানোর জন্য নাগরিকদের খুবই সীমিত সময় দেওয়া হচ্ছে।
এছাড়াও নির্বাচন ঘোষণার পর হঠাৎ করে ব্যাপক প্রশাসনিক রদবদল নিয়েও তীব্র আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ একাধিক শীর্ষ আধিকারিক, জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের বদলি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর অভিযোগ, কোনও সুস্পষ্ট কারণ বা নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ ছাড়াই এই বদলি করা হয়েছে এবং রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এই ধরনের সিদ্ধান্তের মাধ্যমে রাজ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং নির্বাচনের সময়েও গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করা হচ্ছে। তিনি কমিশনকে এই ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান এবং জনস্বার্থ ও গণতন্ত্রের মূল্যবোধ রক্ষার উপর জোর দেন।
মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছেন, এই রদবদলের ফলে প্রশাসনিক কাজে বিঘ্ন ঘটতে পারে। আইনশৃঙ্খলা রক্ষা, সীমান্ত নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে বলে তাঁর দাবি। নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে তিনি ‘একতরফা’, ‘তড়িঘড়ি’ এবং ‘ক্ষমতার অপব্যবহার’ বলে আখ্যা দিয়েছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
