নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজনৈতিক মহলে তৎপরতা বেড়েছে। বিরোধী দলগুলি ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করতে শুরু করলেও পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস কার্যত তাদের চাপে ফেলেছে। এই রাজনৈতিক আবহের মধ্যেই নির্বাচনকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নিল রাজ্যের নির্বাচন দফতর।
পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের (সিইও) দফতর বালমার লরি ভবন থেকে সরিয়ে স্ট্র্যান্ড রোডের শিপিং হাউসে স্থানান্তর করার নির্দেশ জারি করা হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০ ও ২১ মার্চের মধ্যেই এই স্থানান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ইতিমধ্যেই সিইও দফতরের সমস্ত আধিকারিক ও কর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।নির্দেশিকায় বলা হয়েছে, দফতরের নথি, কম্পিউটার, আসবাবপত্র, টিভি, স্টেশনারি-সহ যাবতীয় সরকারি সামগ্রী চিহ্নিত করে দ্রুত স্থানান্তরের ব্যবস্থা করতে হবে। এই কাজে সহায়তার জন্য হেরিটেজ ট্রান্সপোর্ট অর্গানাইজেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের কর্মী ও যানবাহন ২০ মার্চ দুপুর ১২টা থেকে মোতায়েন করা হবে। লক্ষ্য রাখা হয়েছে, ২১ মার্চ বিকেল ৫টার মধ্যেই পুরো স্থানান্তর প্রক্রিয়া শেষ করা হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
সূত্রের খবর, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দফতরের কাজের গতি বাড়ানো এবং পরিকাঠামো উন্নত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও হঠাৎ এই স্থানান্তরের কারণ নিয়ে সরকারি ভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। জানা গিয়েছে, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার স্ট্র্যান্ড রোডের অফিস ভবনের দুটি ফ্লোর নেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এর আগে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের দফতর থেকে নবান্নে এ বিষয়ে চিঠিও পাঠানো হয়েছিল। উল্লেখ্য, শিপিং কর্পোরেশন একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা, যা কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের অধীন। ফলে নির্বাচনকে ঘিরে এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলেও নানা জল্পনা তৈরি হয়েছে।
