Abhishek Banerjee: ডায়মন্ড হারবারে ফের ফিরে এলো ‘সেবাশ্রয়’, জন্মদিনে বড় ঘোষণা অভিষেকের

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ডায়মন্ড হারবারে (Diamond Harbour) আবারও ফিরে এসেছে ‘সেবাশ্রয়’, সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি সঙ্গে নিয়ে। নিজের জন্মদিনে ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ঘোষণা করেছেন, ১ ডিসেম্বর ২০২৫ থেকে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা কেন্দ্রে পর্যায়ক্রমে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে। এরপর ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত লোকসভা কেন্দ্রে সকল বিধানসভা জুড়ে মেগা ক্যাম্পের আয়োজন করা হবে। স্বাস্থ্য শিবির প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

আরও পড়ুন: Rajarhat: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা রাজারহাটে! নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে গেল যাত্রীবোঝাই বাস,আহত ৫০

চলতি বছরের জানুয়ারি মাসে প্রথম দফার সেবাশ্রয় শিবির ডায়মন্ড হারবারে অনুষ্ঠিত হয়েছিল। সেই শিবিরে হাজার হাজার মানুষ বিনামূল্যে উন্নতমানের চিকিৎসা সেবা পান। স্বাস্থ্য পরিষেবার এই মডেল দেশের অন্যান্য অঞ্চলের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “মানবসেবার কর্তব্যকে শিরোধার্য করে এবং স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ডায়মন্ড হারবারের মানুষদের আস্থা ও বিশ্বাসের কারণে ‘সেবাশ্রয়’ সবার জন্য নির্ভরযোগ্য সেবাস্থল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমি খুশি যে আমরা এই আস্থা ধরে রাখতে পারছি।”

সেবাশ্রয় ২-এর পরিকল্পনা অনুযায়ী, স্বাস্থ্য শিবিরের তারিখ ও বিধানসভা কেন্দ্রগুলি হলো: ১–৭ ডিসেম্বর মহেশতলা, ৮–১৪ ডিসেম্বর মেটিয়াব্রুজ, ১৫–২১ ডিসেম্বর বজবজ, ২২–৩০ ডিসেম্বর বিষ্ণুপুর (২৪ ও ২৫ ডিসেম্বর বন্ধ), ২–৮ জানুয়ারি সাতগাছিয়া, ৯–১৫ জানুয়ারি ফলতা, ১৬–২২ জানুয়ারি ডায়মন্ড হারবার। মেগা ক্যাম্প ২৫–৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন, “জনসেবার ব্রতই এই উদ্যোগের মূল কারণ। এর পেছনে কোনো রাজনৈতিক লক্ষ্য নেই। সাধারণ মানুষের স্বাস্থ্য ও আর্ত-দুঃস্থ মানুষের সেবা এই দুইটি লক্ষ্যই আমাদের পথপ্রদর্শক।” এভাবেই দ্বিতীয়বারের ‘সেবাশ্রয়’ ডায়মন্ড হারবারে নতুন করে মানুষের পাশে দাঁড়াতে চলেছে, যা প্রমাণ করছে জনসেবার সাথে রাজনীতিকেও যুক্ত করে এগিয়ে যাওয়া সম্ভব।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole