নিউজ পোল ব্যুরো: বঙ্গ ভোটের আগে প্রার্থী বাছাইয়ে চমক বিজেপির। একাধিক কেন্দ্রে হাই-ভোল্টেজ লড়াই হতে চলেছে। হিরণ পেলেন টিকিট, লাভলির বিরুদ্ধে মাঠে রূপা! ১১২ আসনে বিজেপির নতুন তালিকা প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় আরও ১১২টি আসনের প্রার্থিতালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। এর আগে প্রথম দফায় ১৪৪টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। নতুন তালিকা প্রকাশের পাশাপাশি প্রথম তালিকায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনও আনা হয়েছে বিষ্ণুপুর কেন্দ্রে অগ্নিশ্বর নস্করের পরিবর্তে প্রার্থী করা হয়েছে বিশ্বজিৎ খাঁকে। এই দফায় অনেক গুরুত্বপূর্ণ এলাকায় চমকপ্রদ প্রার্থী দিয়েছে বিজেপি। হাওড়ার শ্যামপুরে টিকিট পেয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। সোনারপুর দক্ষিণে লড়াই জমছে রূপা গঙ্গোপাধ্যায় ও তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র-র মধ্যে। নোয়াপাড়ায় বিজেপির প্রার্থী অর্জুন সিংহ, তিনি লড়বেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য-র বিরুদ্ধে।
ব্যারাকপুরে বিজেপি প্রার্থী হয়েছেন আইনজীবী কৌস্তভ বাগচী। সেখানে তার প্রতিপক্ষ তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তী। টালিগঞ্জে বিজেপির প্রার্থী পাপিয়া অধিকারী। তিনি লড়বেন মন্ত্রী অরূপ বিশ্বাস-এর বিরুদ্ধে। যাদবপুরে বিজেপি দিয়েছে শর্বরী মুখোপাধ্যায়-কে। সেখানে তৃণমূলের দেবব্রত মজুমদার ও সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। এন্টালিতে প্রার্থী হয়েছেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল। শারদ্বত মুখোপাধ্যায় লড়বেন সুজিত বসু-র বিরুদ্ধে। ইন্দ্রনীল খাঁ বেহালা পশ্চিমে লড়ছেন। রত্না চট্টোপাধ্যায় তার প্রতিপক্ষ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় উল্লেখযোগ্য প্রার্থী ঘোষণা হয়েছে। রাজেশ কুমার জগদ্দলে প্রার্থী হচ্ছেন। দেবদাস মণ্ডল হাবড়ায় লড়বেন। সনৎ সর্দার সন্দেশখালিতে প্রার্থী। রেখা পাত্র হিঙ্গলগঞ্জে প্রার্থী হচ্ছেন।
পূর্ব মেদিনীপুরের এগরায় প্রার্থী দিব্যেন্দু অধিকারী। বনগাঁর একাধিক প্রাক্তন বিধায়ক আবার প্রার্থী হচ্ছেন। বিজেপি এখন পর্যন্ত ২৫৬টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে। বাকি ৩৮টি আসনের জন্য প্রার্থী ঘোষণা বাকি। এই তালিকায় ২০ জন মহিলা প্রার্থী রয়েছেন। পানিহাটি কেন্দ্রের প্রার্থী এখনও ঘোষণা হয়নি। ভোটগ্রহণ হবে আগামী ২৩ ও ২৯ এপ্রিল। ফল প্রকাশ হবে ৪ মে। দীর্ঘ ৩০ বছর পর এ রাজ্যে মাত্র দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।
