Nepal Flash Flood:প্রিয়জনের অপেক্ষায় পরিবার,সঙ্গে ঋণ-নথির জটিলতা! নেপাল নিখোঁজদের পাশে শুভেন্দু

breakingnews রাজনীতি

নিউজপোল ব্যুরো: স্বজন ফিরবেন—এই আশাতেই দিন কাটছে। কিন্তু তারই মাঝে সংসার চালানো, ব্যাঙ্ক ঋণ, গ্যাস সংযোগ থেকে সরকারি নথি—নতুন নতুন সমস্যার মুখোমুখি নিখোঁজদের পরিবার।

নেপালের ভয়াবহ হড়পা বানের পর কেটে গিয়েছে বেশ কয়েকটা সপ্তাহ। এখনও নিখোঁজ বাংলার বহু মানুষ। কেউ স্বামীকে ফিরে পাওয়ার আশায়, কেউ বাবার অপেক্ষায়, আবার কেউ সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। এই কঠিন সময়ে বুধবার নবান্নে নিখোঁজদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রশাসনিক ও আর্থিক সমস্যাগুলিও শোনেন তিনি।

পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘির সন্দীপকুমার গড়াই এবং বাঁকুড়ার ইন্দপুরের অশোক পাল এখনও নিখোঁজ। সন্দীপের স্ত্রী তিথি গড়াই এবং অশোকের স্ত্রী জবা পাল প্রিয়জনের ফেরার আশায় দিন গুনছেন। একইসঙ্গে সংসার চালানো, সন্তানের পড়াশোনা এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে তৈরি হয়েছে নানা সমস্যা।

আরও দেখুন:-রাতারাতি বদলে গেল টাকির হোটেল-রেস্টুরেন্টের চেহারা

নিখোঁজদের পরিবারের অভিযোগ, ব্যাঙ্ক ঋণ, এলপিজি সংযোগ, সরকারি নথি এবং সম্পত্তি সংক্রান্ত কাজেও জটিলতা তৈরি হচ্ছে। সরকারি ভাবে নিখোঁজ ব্যক্তিকে মৃত ঘোষণা না করা পর্যন্ত বেশ কিছু প্রশাসনিক পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।

দুর্গাপুরের নিখোঁজ পর্যটকদের পরিবারগুলিও একই ধরনের সমস্যার কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। তাঁদের বক্তব্য শোনার পর বিষয়গুলি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। এখন প্রিয়জনের ফেরার অপেক্ষার পাশাপাশি এই জটিলতাগুলির সমাধানের দিকেও তাকিয়ে পরিবারগুলি।