নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। নির্বাচন কমিশনের ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করতে শুরু করেছে। বিরোধী দলগুলি এখনও আংশিক তালিকা ঘোষণা করলেও তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে রাজনৈতিক সমীকরণে এগিয়ে থাকার বার্তা দিয়েছে। এর মধ্যেই রাজ্য সরকার আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করে চমক দিল।
কিছুদিন আগেই মহার্ঘভাতা (ডিএ) এবং পুরোহিত ও মোয়াজ্জিনদের ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার বিধানসভা নির্বাচনের আবহেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বাড়ানো হল অতিরিক্ত বোনাসের পরিমাণ। এই ঘোষণার ফলে রাজ্যের হাজার হাজার সিভিক ভলান্টিয়ারের মধ্যে খুশির পরিবেশ তৈরি হয়েছে।রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে সিভিক ভলান্টিয়ারদের জন্য বার্ষিক অ্যাড-হক বোনাস হিসেবে ৭,৪০০ টাকা দেওয়া হবে। এর আগে ২০২৪-২৫ অর্থবর্ষে এই বোনাসের পরিমাণ ছিল ৬,৮০০ টাকা। অর্থাৎ নতুন অর্থবর্ষে বোনাসের পরিমাণ ৬০০ টাকা বাড়ানো হয়েছে। নবান্ন থেকে জারি করা নির্দেশিকা অনুযায়ী এই সুবিধার আওতায় থাকবেন পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং গ্রাম পুলিশ ভলান্টিয়াররা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অর্থ দফতরের বিবৃতিতে জানানো হয়েছে, এই অতিরিক্ত বোনাস সংশ্লিষ্ট খাত থেকেই প্রদান করা হবে এবং নির্দিষ্ট হিসাবের আওতায় তা নথিভুক্ত করা হবে। নবান্ন সূত্রে খবর, রাজ্যপালের অনুমোদন নিয়েই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। উল্লেখ্য, এর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি, বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুবসাথী’ প্রকল্প চালু,আইসিডিএস ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি এবং খাবার ডেলিভারি কর্মী ও টলিউডের টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার মতো একাধিক ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় সিভিক ভলান্টিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা মাথায় রেখেই এই বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই পদক্ষেপ রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
