Dilip Ghosh: আমন্ত্রণ নয়, অবহেলা—দলই চায় না আমি থাকি, দুর্গাপুরের সভার দিনে দিল্লিমুখো দিলীপ ঘোষ

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: দীর্ঘদিনের দলীয় অভিজ্ঞতা, বহু লড়াইয়ে পরিপক্ক রাজনীতিক, কিন্তু আজ যেন একাকী যোদ্ধা। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) দুর্গাপুরে (Durgapur) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সভায় অনুপস্থিত থাকছেন, এই খবরেই যেন রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ। শুক্রবার সকাল সকাল দিল্লির উদ্দেশে রওনা দিলেন তিনি।

আরও পড়ুন: Kolkata HC: ২১ জুলাইতে সভা হোক, যান চলাচল বন্ধ নয়! হাইকোর্টের কড়া নির্দেশিকা

শুক্রবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) স্পষ্ট জানিয়ে দিলেন, “পার্টি আমন্ত্রণ জানায়নি, কর্মীরা ডেকেছিলেন। কিন্তু দল চায় না আমি সভায় থাকি।” তার এই বক্তব্যে যেন প্রকাশ পেল বহুদিন ধরে জমে থাকা ক্ষোভ ও অভিমান। গত কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে চর্চার কেন্দ্রবিন্দু ছিল, মোদীর সভামঞ্চে আদৌ জায়গা হবে কি না দিলীপের (Dilip Ghosh)। কখনও খবর এল, কেন্দ্রীয় নেতৃত্ব আমন্ত্রণ জানিয়েছেন তাকে। আবার কখনও বলা হল, রাজ্য নেতৃত্ব আমন্ত্রণ পাঠায়নি। একসময় নিজেই দিলীপ ঘোষ জানিয়ে দেন, তিনি কর্মী হিসেবে সভায় যাবেন। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল! তিনি সভায় যাচ্ছেন না বরং দলের কাজে দিল্লি রওনা হচ্ছেন।

এর আগের রাতে তার সোশ্যাল মিডিয়া পোস্ট আরও বাড়িয়ে দেয় জল্পনা। পোস্টে লেখেন, “আমরা থাকব, আপনি আসুন।” রাজনৈতিক বোদ্ধারা বলছেন, এটি স্পষ্ট ইঙ্গিত ছিল তার অনুপস্থিতির। এই ঘটনা ফের প্রমাণ করে, বঙ্গ বিজেপিতে (Bengal BJP) ‘আদি বনাম নব্য’ দ্বন্দ্ব যে এখনও বর্তমান। শমীক ভট্টাচার্যের নেতৃত্বে নতুন অধ্যায়ের আশা ছিল অনেকের। কিন্তু দিলীপের প্রতি এই অবহেলা, তাকে প্রধানমন্ত্রীর সভামঞ্চ থেকে দূরে রাখা, সেই আশায় জল ঢালল বলেই মনে করছেন বিশ্লেষকরা। দলের দীর্ঘদিনের মুখ, মুখর নেতা, বিজেপির পূর্ববর্তী সাফল্যের অন্যতম কারিগর দিলীপ ঘোষ। আজ নিজেই বলছেন, “আমি গেলে হয়তো অস্বস্তি হত। তাই যাচ্ছি না।” এবার রাজনীতির চাকা ঘোরে ২১ জুলাইয়ের দিকে। দিলীপ ঘোষ সেই মঞ্চে কী বার্তা দেন, তা নিয়েই এবার অপেক্ষা রাজনৈতিক মহলের। অভিমান নাকি বিদ্রোহ, সময়ের অপেক্ষা মাত্র।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT