নিউজ পোল ব্যুরো: দেড় মাসের মাথায় আজ ফের বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi in Bengal)। সভা করবেন দুর্গাপুরে। ছাব্বিশের নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই হাইভোল্টেজ সভা ঘিরে চড়ছে পারদ। আগামী বছরে নির্বাচনকে কেন্দ্র করে বাংলায় বেড়েছে কেন্দ্রীয় নেতাদের আনাগোনা। বাংলায় আসার আগেই রাজ্যের তৃণমূল সরকারকে খোঁচা দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “পশ্চিমবঙ্গ তৃণমূলের অপশাসনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ অনেক আশা নিয়ে বিজেপি’র দিকে তাকিয়ে আছেন এবং তাঁরা নিশ্চিত যে একমাত্র বিজেপিই পারবে উন্নয়ন করতে।” বাংলায় মোদীর সফর ঘিরে রয়েছে একাধিক কর্মসুচি। করবেন একাধিক প্রকল্পের উদ্বোধন। সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী লিখেছেন, “তেল, গ্যাস, বিদ্যুৎ, রেল এবং সড়ক সংক্রান্ত বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করব এবং ৫০০০ কোটি টাকার বেশি বিনিয়োগের কয়েকটি প্রকল্পের উদ্বোধনও করব।” অর্থাৎ তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রী।
তৃণমূলকে খোঁচা দিয়ে প্রধানমন্ত্রীর পোস্টের পাল্টা জবাবও দিয়েছে রাজ্যের শাসক দল। পাঁচটি প্রশ্ন করা হয়েছে তৃণমূলের সোশাল মিডিয়ায়। সেখানে জানতে চাওয়া হয়েছে…
১. বাংলা বলা কি অপরাধ?
২. বাংলা বলা অপরাধ হলে জাতীয় সঙ্গীত গেয়ে তিনিও কি সেই অপরাধে দোষী?
৩. তা না হলে বাংলা বলার অপরাধে নাগরিকদের আটক করে হেনস্তা করা হচ্ছে?
৪. কোন আইনে ভাষার ভিত্তিতে সরকার মানুষকে শাস্তি দিচ্ছে?
৫. বিজেপি কি সত্যিই বিশ্বাস করে এভাবে বাংলায় ক্ষমতা দখল করা সম্ভব?”
সব মিলিয়ে মোদীর বাংলা সফর নিয়ে (PM Modi in Bengal) জমে উঠেছে লড়াই। দুর্গাপুরে প্রধানমন্ত্রীর মঞ্চে উপস্থিত থাকবেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। তবে থাকবেন না দিলীপ ঘোষ। আজই দিল্লি উড়ে গিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি।
