নিউজ পোল ব্যুরো: বিহারের নির্বাচনী (Bihar Assembly Election) ময়দানে ফের আক্রমণাত্মক ভঙ্গিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার ভোটপ্রচারে গিয়ে একযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ও রাজদ নেতা তেজস্বী যাদবকে (Tejashwi Yadav) তীব্র কটাক্ষে বিদ্ধ করলেন তিনি। মোদীর বক্তব্যে স্পষ্ট, বিহারে উন্নয়ন ইস্যুর পাশাপাশি বিজেপি এবার দুর্নীতি ও ‘জঙ্গলরাজ’-এর রাজনীতিকেও সামনে আনতে চাইছে।
প্রধানমন্ত্রীর সোজাসাপটা মন্তব্য, “বিহারের এই নির্বাচনে (Bihar Assembly Election) দু’জন যুবরাজ মাঠে নেমেছেন। কিন্তু এরা আসলে দুর্নীতির যুবরাজ। একজনের পরিবার দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবার, আর অন্যজনের পরিবার বিহারের দুর্নীতির প্রতীক। দু’জনই হাজার হাজার কোটি টাকার দুর্নীতির মামলায় জামিনে মুক্ত।” মোদীর এই বক্তব্যে স্পষ্টতই লক্ষ্য রাহুল গান্ধী ও তেজস্বী যাদব।
মোদী আরও বলেন, “বিহারে যারা একসময় ‘জঙ্গলরাজ’ চালাতেন, তারা আবার ক্ষমতায় ফিরতে চাইছেন। আমরা ভুলে যাইনি, সেই সময় পাঁচটি ‘ক’-এর রাজ ছিল — কাট্টা (দেশি বন্দুক), ক্রুরতা, কটুতা, কুশাসন ও দুর্নীতি।” তার দাবি, এনডিএ-র সরকার এসে সেই অন্ধকার যুগের অবসান ঘটিয়েছে।
উল্লেখ্য, বিহারে নীতীশ কুমার (Nitish Kumar) টানা দুই দশক ধরে রাজ্যের রাজনীতির কেন্দ্রে। এর বেশিরভাগ সময়ই তিনি এনডিএ-র শরিক হিসেবে বিজেপির (BJP) সঙ্গে থেকে সরকার চালিয়েছেন। যদিও মোদী নিজের প্রচারে নীতীশ সরকারের উন্নয়ন বা সাফল্যের চেয়ে বেশি করে তুলে ধরছেন বিহারের অতীতের অস্থিরতা ও দুর্নীতির ছবি। রাজনৈতিক মহলে তাই প্রশ্ন উঠছে, বিজেপির প্রচারভাষণে উন্নয়নের বদলে কেন এত জোর দেওয়া হচ্ছে ‘জঙ্গলরাজ’-এর স্মৃতি উসকে দেওয়ায়?
বিজেপি শিবিরের যুক্তি, তরুণ ভোটারদের মনে করিয়ে দেওয়া জরুরি যে, বিহারের সেই ভয়াবহ অধ্যায় যেন আর ফিরে না আসে। অন্যদিকে, মহাজোট শিবিরের দাবি, বিজেপি উন্নয়নের দিশা না দেখিয়ে শুধু ভয় দেখানোর রাজনীতি করছে। রাহুল ও তেজস্বী এখনও পর্যন্ত মোদীর এই কটাক্ষের কোনও সরাসরি জবাব দেননি। তবে রাজদ ও কংগ্রেস নেতারা পাল্টা সুরে বলছেন, “বিহারের মানুষ বুঝে গেছে, পুরনো ইস্যু তুলে ভোট টানার দিন শেষ। এবার উন্নয়ন, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধিই হবে ভোটের মূল কথা।” বিহারের রাজনীতিতে (Bihar Assembly Election) তাই ফের গরম হাওয়া ‘জঙ্গলরাজ বনাম উন্নয়ন রাজনীতি’-র নতুন পর্বের সূচনা যেন শুরু হয়ে গেল মোদীর মুখে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
