নিউজ পোল ব্যুরো: দেশজুড়ে মাওবাদী দমনে সরকারের অভিযান ক্রমেই জোরদার হচ্ছে। সেই ধারাবাহিকতায় ফের বড় সাফল্য মিলল ছত্তিশগড়ে (Chattisgarh)। বস্তার জেলায় বুধবার আত্মসমর্পণ করল ৫১ জন মাওবাদী (Maoist) কর্মী। তাদের মধ্যে ২০ জনের মাথার দাম মিলিয়ে প্রায় ৬৬ লক্ষ টাকা। আত্মসমর্পণকারীদের মধ্যে নয়জন মহিলা রয়েছেন। পুলিশ সূত্রে খবর, এই দলে নিষিদ্ধ সংগঠন পিপলস লিবারেশন গেরিলা আর্মি (পিএলজিএ)-র ব্যাটালিয়ন নম্বর ১ এবং কোম্পানি নম্বর ১, ২ ও ৫-এর পাঁচজন সদস্য রয়েছেন। এছাড়াও এরিয়া কমিটি ও প্লাটুনের সাতজন সদস্য, এলওএস গ্রুপের তিনজন, এক মিলিশিয়া প্লাটুন কমান্ডার, ১৪ জন মিলিশিয়া সদস্য এবং ২০ জন নিম্নস্তরের সদস্য আত্মসমর্পণ করেছেন।
আরও পড়ুন: Mahakal Temple : দার্জিলিং মহাকাল মন্দিরে পোশাক ফতোয়া! মন্দিরে প্রবেশে নিষেধ ছোট পোশাক পরা মহিলাদের
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিনের সহিংস জীবনযাপন ও মাওবাদী নেতৃত্বের ‘নৃশংস’ এবং ‘আমানবিক’ আদর্শে বিতৃষ্ণ হয়েই এই পদক্ষেপ নিয়েছেন তারা। এর আগে মাসখানেক আগেই আত্মসমর্পণ করেন নিহত মাওবাদী নেতা কিষেনজির স্ত্রী সুজাতা। কিছুদিন আগে কিষেনজির ভাই মাল্লোজুলা বেণুগোপাল রাও ওরফে সোনু দাদাও আত্মসমর্পণ করেন ৬০ জন সহযোগীকে সঙ্গে নিয়ে। ফলে মাওবাদী (Maoist) সংগঠনের ভিত ক্রমশ নড়বড়ে হচ্ছে বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ইতিমধ্যেই জানিয়েছেন, ২০২৬ সালের মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদ সম্পূর্ণ নির্মূল করা হবে। তার কথায়, “যারা হিংসা ত্যাগ করে মূল স্রোতে ফিরতে চান, তাদের আমরা স্বাগত জানাই। কিন্তু যারা এখনও বন্দুক চালাতে বেছে নেবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” চলতি মাসেই ছত্তিশগড় (Chattisgarh) ও মহারাষ্ট্রে (Maharashtra) একযোগে ২৫৮ জন মাওবাদীর আত্মসমর্পণ এই প্রক্রিয়াকে আরও গতি দিয়েছে।
এদিকে, মাওবাদীদের অস্ত্র ত্যাগে উৎসাহ দিতে ছত্তিশগড় (Chattisgarh) সরকার সম্প্রতি ‘নকশাল আত্মসমর্পণ ও আক্রান্তদের পুনর্বাসন নীতি ২০২৫’-এ বড়সড় পরিবর্তন এনেছে। এই নীতিতে আত্মসমর্পণকারীদের জন্য আর্থিক পুরস্কার, চাকরির সুযোগ, সন্তানদের শিক্ষায় সহায়তা ও আইনি সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। উচ্চপদস্থ কমিটি সদস্যদের এককালীন পাঁচ লক্ষ টাকা অনুদান এবং অস্ত্র-সহ আত্মসমর্পণকারীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থাও রয়েছে। এমনকি যদি কোনও মাওবাদী ইউনিটের ৮০ শতাংশ সদস্য একযোগে অস্ত্র ত্যাগ করেন, তবে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
