Bihar: নালন্দার শীতলা মন্দিরে মর্মান্তিক পদপিষ্ট, মৃত্যু অন্তত ৮ পুণ্যার্থীর

দেশ

নিউজ পোল ব্যুরো: মর্মান্তিক দুর্ঘটনা বিহারের (Bihar) নালন্দা জেলায়। যা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকালে শীতলা মন্দির-এ পুজো দিতে এসে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন অন্তত আটজন। মৃতদের সকলেই মহিলা বলে জানা গেছে। এছাড়াও এই ঘটনায় একাধিক ভক্ত আহত হয়েছেন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে খবর, সকাল থেকেই মন্দিরে (Bihar) ভিড় বাড়তে থাকে। চৈত্র মাসের শেষ মঙ্গলবার হওয়ায় ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গণে। হঠাৎ করেই ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয় এবং মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর জেরেই পদপিষ্টের মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: BJP fourth Candidate List: ১৩ কেন্দ্রে প্রার্থী ঘোষণা বিজেপির, চৌরঙ্গিতে সন্তোষ পাঠক, বাগদায় লড়ছেন শান্তনু ঠাকুরের স্ত্রী

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মন্দির চত্বরে পর্যাপ্ত নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না। এক ভক্তের দাবি, প্রতি মঙ্গলবারই এখানে প্রচুর ভিড় হয়, কিন্তু সেদিন কোনও সুশৃঙ্খল ব্যবস্থাপনা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। প্রশাসনের তৎপরতার অভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। ঘটনার পরেই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। বিহার (Bihar) শরীফ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মাঘরা গ্রামে অবস্থিত এই মন্দিরে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়।

এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে বিহার সরকার। মুখ্যসচিবকে বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পাটনা থেকে বিশেষ প্রতিনিধি পাঠানো হয়েছে। উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম সহায়তা করা হবে।

উল্লেখযোগ্যভাবে, গত বছরও শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির-এ একই ধরনের পদপিষ্টের ঘটনা ঘটেছিল। ফলে পরপর এমন দুর্ঘটনায় ধর্মীয় স্থানে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole