নিউজ পোল ব্যুরো: দুবাই বন্দরে একটি কুয়েতি তেলবাহী ট্যাংকারে সোমবার (৩০ মার্চ) হামলা চালিয়েছে ইরান। হামলার জেরে আগুন লাগে । একটি সংবাদ সূত্রে জানা গিয়েছে, গত মাসের শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে পারস্য উপসাগর অঞ্চলে তেহরানের চলমান অভিযানের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
কুয়েতের রাষ্ট্রীয় তেল কোম্পানির বরাত দিয়ে সরকারি সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, দুবাই বন্দরের নোঙর এলাকায় অবস্থানকালে কুয়েতের একটি বিশাল অপরিশোধিত তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলার ফলে ট্যাংকারটিতে আগুন ধরে যায় এবং জাহাজটির খোলের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবুও ট্যাংকারটি জ্বালানি তেলে পূর্ণ থাকায় সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, আক্রান্ত জাহাজটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনের ক্ষমতা রয়েছে, যার বর্তমান বাজারমূল্য ২০ কোটি ডলারেরও বেশি।
এদিকে কুয়েতের সামরিক বাহিনী মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ঘটনার পর পারস্য উপসাগর অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।
