নিউজ পোল ব্যুরো: রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক আবহ ক্রমশ তপ্ত হয়ে উঠছে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মনোনয়ন পর্ব। শাসক দল থেকে বিরোধী সব পক্ষই নিজেদের মতো করে প্রস্তুতি চূড়ান্ত করতে ব্যস্ত। সূত্রের খবর, আগামী ৮ এপ্রিল ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মনোনয়ন জমা দিতে পারেন। সেদিন সকালে কলকাতায় ফিরে কালীঘাট ব্রিজ থেকে একটি বিশাল মিছিল করে তিনি সার্ভে বিল্ডিংয়ে পৌঁছবেন এবং সেখানেই আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেশ করবেন বলে জানা যাচ্ছে।
এদিকে ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে (Election Campaign, TMC, BJP) জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। প্রার্থীরা ইতিমধ্যেই নিজেদের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ শুরু করেছেন। সাধারণ মানুষের সমস্যার কথা শোনা থেকে শুরু করে উন্নয়নের প্রতিশ্রুতি সবকিছু নিয়েই চলছে প্রচার। তৃণমূল কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে প্রচার চালাচ্ছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রতিটি জেলায় সভা করে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছেন তারা। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরছেন জনসভায়। খবর অনুযায়ী, ৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গেই প্রচার কর্মসূচিতে ব্যস্ত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর ৮ এপ্রিল সকালে কলকাতায় ফিরে এসে মনোনয়ন জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। একই দিনে কালীঘাট থেকে সার্ভে বিল্ডিং পর্যন্ত মিছিলেরও প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অন্যদিকে, ভোটের আগে সংখ্যালঘু ও বিভিন্ন সম্প্রদায়ের সমর্থন জোরদার করতে শিখ, জৈন-সহ একাধিক সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেছে তৃণমূল কংগ্রেস। যদিও এই বৈঠকগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে উপস্থিত থাকবেন না বলে জানা গিয়েছে, দলের শীর্ষ নেতৃত্বই সেখানে অংশ নেবেন। উল্লেখ্য, প্রথম দফার ভোটে অংশগ্রহণকারী প্রার্থীদের ৬ এপ্রিলের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। ৭ এপ্রিল স্ক্রুটিনির শেষ দিন এবং ৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়সীমা। দ্বিতীয় দফার ক্ষেত্রে মনোনয়ন জমার শেষ দিন ৯ এপ্রিল, স্ক্রুটিনি ১০ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ১৩ এপ্রিল নির্ধারিত হয়েছে।
