নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে দলবদলের হাওয়া জোরদার হয়েছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলে যোগদানের প্রবণতা বাড়ছে। সেই আবহেই এবার বড় চমক দিলেন প্রাক্তন ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ। তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিলেন।
মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে দলে যোগ দেন লিয়েন্ডার পেজ। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর উপস্থিতিতে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। এই যোগদান অনুষ্ঠানে বিজেপির একাধিক কেন্দ্রীয় ও রাজ্যস্তরের নেতারাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।সূত্রের খবর, বিজেপিতে যোগদানের বিষয়টি অনেকদিন ধরেই আলোচনায় ছিল। প্রায় এক সপ্তাহ আগে কলকাতার নিউ টাউনের একটি হোটেলে দলের নেতাদের সঙ্গে তাঁর বৈঠক হয়। সেখানেই যোগদান নিয়ে প্রাথমিক আলোচনা চূড়ান্ত হয় বলে জানা গিয়েছে। এরপরই আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা ছিল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
রাজনীতির ময়দানে লিয়েন্ডার পেজ অবশ্য নতুন নন। ২০২১ সালে গোয়ার বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তবে সেই সময় তাঁকে সক্রিয় রাজনীতিতে খুব বেশি দেখা যায়নি। এবার বাংলায় বিধানসভা ভোটের আবহে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে। প্রাক্তন এই টেনিস তারকাকে আগামী দিনে বিজেপির হয়ে কী ভূমিকা নিতে দেখা যাবে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
