নিউজ পোল ব্যুরো:ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম নক্ষত্র রিচা ঘোষের নাম ভোটার তালিকায় (Richa Ghosh Voter List) কেন ‘বিচারাধীন’ হিসেবে রাখা হয়েছে, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতি ও ক্রীড়ামহলে তীব্র গুঞ্জন চলছিল। অবশেষে রবিবার এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। একটি বিশেষ বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, মূলত যান্ত্রিক ত্রুটি এবং প্রশাসনিক স্তরে মামলার নিষ্পত্তিতে বিলম্বের কারণেই এই অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সম্প্রতি ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশনের দফতর। প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজ্যে মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন। তবে এই তালিকায় একটি বড়সড় অসংগতি ধরা পড়েছে। দেখা গিয়েছে, ৬০ লক্ষেরও বেশি মানুষের নাম ‘অ্যাডজুডিকেটেড’ হিসেবে চিহ্নিত করে একটি আলাদা তালিকায় সরিয়ে রাখা হয়েছে। এই তালিকার মধ্যেই শিলিগুড়ির মেয়ে তথা দেশের জাতীয় দলের অন্যতম প্রধান মুখ রিচা ঘোষের নাম থাকায় শোরগোল পড়ে যায়। কয়েক মাস আগেই বিশ্বকাপ জয়ের গৌরব দেশের ঘরে নিয়ে আসা রিচার নাগরিকত্ব নিয়ে খোদ নির্বাচন কমিশনের নথিতে ধন্দ তৈরি হওয়ায় নিন্দার ঝড় ওঠে। রিচার নামের ওপর স্পষ্ট করে লেখা ছিল ‘বিচারাধীন’।
এই পরিস্থিতির নেপথ্যে কী কারণ রয়েছে, তার ব্যাখ্যা দিতে গিয়ে কমিশন জানিয়েছে যে, ২০০২ সালের ভোটার তালিকার নিরিখে খসড়া তালিকায় রিচা ঘোষের তথ্য অসংলগ্ন অবস্থায় ছিল। এই ত্রুটি সংশোধনের জন্য রিচার পরিবারের পক্ষ থেকে যথাসময়ে শুনানিতে অংশ নেওয়া হয়েছিল এবং প্রয়োজনীয় সমস্ত নথিও জমা দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকরা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই মামলার নিষ্পত্তি করেননি। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশিকা অনুযায়ী, তালিকায় নাম তোলার কোনও আবেদন যদি এই ধরনের জটিলতায় আটকে থাকে এবং সময়মতো নিষ্পত্তি না হয়, তবে তা স্বয়ংক্রিয়ভাবে বিচারবিভাগীয় পর্যালোচনার অধীনে চলে যায়। রিচার ক্ষেত্রেও ঠিক সেই যান্ত্রিক ও প্রশাসনিক জটিলতাই তৈরি হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
বিশ্বজয়ী ক্রিকেটারের নাম নিয়ে এমন বিভ্রাটে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে প্রশাসন। কেন নির্দিষ্ট সময়ের মধ্যে আধিকারিকরা এই গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি করলেন না, তা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে ইতিমধ্যেই কড়া কৈফিয়ত তলব করেছে কমিশন। দফতরের দাবি, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। উল্লেখ্য, রিচা ঘোষের নাম ভোটার তালিকায় (Richa Ghosh Voter List) না থাকা নিয়ে এর আগে সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনের এই স্পষ্টীকরণের পর রিচার নাম কত দ্রুত মূল তালিকায় ফিরে আসে এবং তাঁর ভোটাধিকার নিশ্চিত হয়, এখন সেটাই দেখার।
