BJP fourth Candidate List: ১৩ কেন্দ্রে প্রার্থী ঘোষণা বিজেপির, চৌরঙ্গিতে সন্তোষ পাঠক, বাগদায় লড়ছেন শান্তনু ঠাকুরের স্ত্রী

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী তালিকা প্রকাশে নতুন চমক দিল ভারতীয় জনতা পার্টি (BJP fourth Candidate List)। দলবদল করে সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সন্তোষ পাঠককে বড় দায়িত্ব দিয়ে চৌরঙ্গি কেন্দ্রের প্রার্থী করা হয়েছে। মঙ্গলবার বিজেপি তাদের চতুর্থ দফার প্রার্থী তালিকা (BJP fourth Candidate List) প্রকাশ করে, যেখানে মোট ১৩টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন:SIR List: পঞ্চম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, ফের বহু নাম বাদ, নতুন করে বিতর্কে ভোটার তালিকা

এই তালিকার অন্যতম চমক বাগদা কেন্দ্র। সেখানে প্রার্থী করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর-এর স্ত্রী সোমা ঠাকুরকে। অন্যদিকে এই কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। ফলে বাগদায় এবার রাজনৈতিক লড়াই পারিবারিক রঙ পেতে চলেছে, যা ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে।

এছাড়াও বিজেপি একাধিক কেন্দ্রে নতুন মুখকে সামনে (BJP fourth Candidate List) এনেছে। মেমারি থেকে মানব গুহ, গড়বেতা থেকে প্রদীপ লোধা, বারাবনি থেকে অরিজিৎ রায়, সিতাইয়ে আশুতোষ বর্মা এবং নাটাবাড়িতে গিরিজা শঙ্কর রায়কে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি মগরাহাট পূর্বে উত্তমকুমার বণিক, ফলতায় দেবাংশু পণ্ডা, সোনারপুর উত্তরে দেবাশিস ধর, হাওড়া দক্ষিণে শ্যামল হাতি, পাঁচলায় রঞ্জনকুমার পাল এবং চণ্ডীপুরে পীযূষকান্তি দাসকে টিকিট দিয়েছে দল। এদিকে ময়নাগুড়ি কেন্দ্রেও প্রার্থী বদল করে নতুন মুখ হিসেবে ডালিম রায়কে আনা হয়েছে, যা স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

চৌরঙ্গি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে রয়েছেন দু’বারের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে সন্তোষ পাঠককে দাঁড় করিয়ে বিজেপি কার্যত শক্ত প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছে। এলাকাবাসীর মতে, এই কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole