নিউজ পোল ব্যুরো:শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গেই ফের উদ্বেগ বাড়াচ্ছে বার্ড ফ্লু (Bird Flu, Avian Influenza, H5N1 Virus)। দেশের একাধিক রাজ্যে এই প্রাণঘাতী ভাইরাসের পুনরাবির্ভাব জনস্বাস্থ্য ও পোলট্রি শিল্প—দু’দিকেই গভীর আশঙ্কা তৈরি করেছে। বিশেষ করে দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও কেরল রাজ্যে একযোগে সংক্রমণের খবর সামনে আসায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। শীতকাল সাধারণত ভাইরাসের বিস্তারের জন্য অনুকূল হওয়ায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন:Tobacco: তামাকে করের কোপ! জিএসটি বাড়তেই মুখ থুবড়ে পড়ল ITC-র শেয়ার
কেরলের আলাপ্পুজা ও কোট্টায়াম জেলার বিভিন্ন পোলট্রি খামারে সম্প্রতি একাধিক মুরগির শরীরে অত্যন্ত সংক্রামক H5N1 প্রজাতির এভিয়ান ইনফ্লুয়েঞ্জা শনাক্ত হয়েছে। পরীক্ষাগারে পাঠানো নমুনায় ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পরই প্রশাসনের তরফে জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে নির্দিষ্ট এলাকা ‘কন্টেনমেন্ট জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেখানে মুরগি পরিবহন, বিক্রি ও বাজারজাতকরণের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইসঙ্গে, আক্রান্ত ও সংলগ্ন অঞ্চলের সমস্ত পোলট্রি খামারে কড়া নজরদারি চালানো হচ্ছে। খামার মালিকদের জন্য নির্দেশিকা জারি করে বলা হয়েছে—নিয়মিত জীবাণুনাশক ব্যবহার, খামারে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ, সুরক্ষামূলক পোশাক পরিধান এবং অসুস্থ পাখির দ্রুত শনাক্তকরণ ও রিপোর্ট করা বাধ্যতামূলক। এছাড়াও, মৃত পাখি যথাযথ বৈজ্ঞানিক পদ্ধতিতে নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের মধ্যে এখনও পর্যন্ত সংক্রমণের কোনও প্রমাণ মেলেনি। তবে কাঁচা বা অর্ধসিদ্ধ মাংস ও ডিম খাওয়া থেকে বিরত থাকা, ভালোভাবে রান্না করা খাদ্য গ্রহণ এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সতর্কতা ও দ্রুত প্রশাসনিক পদক্ষেপই এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে সবচেয়ে কার্যকর অস্ত্র। শীত যত বাড়বে, ততই সতর্কতা বজায় রাখা জরুরিকারণ সামান্য অসচেতনতাই বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে।
