নিউজ পোল ব্যুরো: রবিবারই বাংলার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। বিকেল ৪টায় সাংবাদিক বৈঠক করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission)। সূত্রের খবর, আজকের বৈঠক থেকেই পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ (Assembly Election Date) ঘোষণা করা হতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু, অসম, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ভোটের সূচিও প্রকাশ করা হতে পারে। একইসঙ্গে জানা যেতে পারে কত দফায় ভোটগ্রহণ হবে।
আরও পড়ুন: Bratya Basu : রাজ্যে শীঘ্রই ১৫ হাজার শিক্ষক নিয়োগ, ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর
গত কয়েকদিন ধরেই নির্বাচন ঘোষণার সম্ভাব্য তারিখ নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছিল, ১৫ মার্চ অথবা ১৬ মার্চের মধ্যে ভোটের দিন ঘোষণা হতে পারে। রবিবার বিকেল ৪টায় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। সেই বৈঠকেই নির্বাচনের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হতে পারে।
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এক সভা থেকে ইঙ্গিত দিয়েছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র ব্রিগেড সমাবেশ শেষ হওয়ার পরেই ভোটের দিন ঘোষণা হতে পারে। তিনি বলেছিলেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা শেষ হওয়ার পরই নির্বাচন কমিশন সাধারণত ভোটের দিন ঘোষণা (Assembly Election Date)করে। শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত হয়েছে, আর রবিবারই কমিশনের সাংবাদিক বৈঠক (Assembly Election Date)। ফলে অনেকেই মনে করছেন, এই বৈঠক থেকেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হতে পারে।
কিছুদিন আগে বাংলায় এসে নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। তিনি জানান, অধিকাংশ রাজনৈতিক দলই চায় কম দফায় ভোটগ্রহণ সম্পন্ন হোক। বামফ্রন্ট এবং বিজেপি দুই পক্ষই এক দফায় নির্বাচন শেষ করার পক্ষে মত দিয়েছে। শুধু রাজনৈতিক দলই নয়, রাজ্য নির্বাচন দপ্তরও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে ভোটের দফা কমানোর প্রস্তাব দিয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আট দফায় ভোটগ্রহণ হয়েছিল। এবার সেই সংখ্যা কমানো সম্ভব হবে কি না, তা নির্ভর করবে বেশ কয়েকটি বিষয়ের ওপর। যেমন, রাজ্যে মোট বুথের সংখ্যা, কতগুলি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং পর্যাপ্ত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে কি না। এই সমস্ত বিষয় বিবেচনা করেই শেষ পর্যন্ত ভোটের দফা নির্ধারণ করা হবে বলে সূত্রের খবর।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
